Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড খেলবে সেমিফাইনাল?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম

আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড খেলবে সেমিফাইনাল?

বিজ্ঞাপন

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাসে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। অপটা সুপার কম্পিউটারের ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ। অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ।

মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ দারুণ ছন্দে রয়েছে। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারের পর থেকে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে গোল করেছে আর্জেন্টিনা। এর মধ্যে সর্বশেষ ১১ ম্যাচেই অন্তত দুটি করে গোল করেছে তারা। বিশ্বকাপ ইতিহাসে এটি যৌথভাবে দীর্ঘতম ধারাবাহিকতা; ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে উরুগুয়েও টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোল করেছিল।

তবে রক্ষণভাগে কিছুটা উদ্বেগ রয়েছে। এখন পর্যন্ত প্রতিপক্ষের মাত্র নয়টি শট অন টার্গেট মোকাবিলা করলেও সেখান থেকে পাঁচটি গোল হজম করেছে আর্জেন্টিনা। অর্থাৎ অন টার্গেট শটের ৫৬ শতাংশই গোলে পরিণত হয়েছে।

অন্যদিকে, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও পিছিয়ে পড়েনি সুইজারল্যান্ড। বাছাইপর্ব ও মূল টুর্নামেন্ট মিলিয়ে তাদের এই অপরাজিত ধারাবাহিকতা ১১ ম্যাচের। শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় মুরাত ইয়াকিনের দল। গোলরক্ষক গ্রেগর কোবেলের গুরুত্বপূর্ণ সেভ দলকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে দেয়। ১৯৫৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছে সুইজারল্যান্ড।

নজরে যেসব ফুটবলার

সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ মেসিকে সামলানোর দায়িত্বে থাকবেন। ২০১৪ বিশ্বকাপের পর থেকে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি খেলেছেন ৩১টি ম্যাচ। ইউরোপের আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে কেবল ইংল্যান্ডের হ্যারি কেইন (৩৩) তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

মিডফিল্ডে গ্রানিত জাকা এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে সবচেয়ে বেশি ৫০টি লাইন-ব্রেকিং পাস দিয়েছেন। পুরো টুর্নামেন্টে তার মোট ৭৫টি লাইন-ব্রেকিং পাস, যেখানে কেবল স্পেনের রদ্রি (৮০) এগিয়ে আছেন। স্ট্রাইকার ব্রিল এম্বোলো শেষ ১৭ আন্তর্জাতিক ম্যাচে ১১ গোল ও ২ অ্যাসিস্ট করে মোট ১৩টি গোলে অবদান রেখেছেন। তবে কলম্বিয়ার বিপক্ষে তিনি ছিলেন অনেকটাই নিষ্প্রভ।

মুখোমুখি পরিসংখ্যান

আর্জেন্টিনার বিপক্ষে সাতবার খেলেও কখনো জিততে পারেনি সুইজারল্যান্ড। দুই ম্যাচ ড্র এবং পাঁচটিতে হেরেছে তারা। বিশ্বকাপে দুই দলের আগের দুই দেখাতেও জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে শেষ ষোলোতে ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। এছাড়া দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে সুইজারল্যান্ডের রেকর্ডও খুব একটা ভালো নয়। ১০ ম্যাচে তাদের একমাত্র জয়টি এসেছে ২০১৪ সালে ইকুয়েডরের বিপক্ষে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার