Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

৩৯ বছরেও কেন অপ্রতিরোধ্য মেসি, নেপথ্যের জাদুকরী রহস্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৫ এএম

৩৯ বছরেও কেন অপ্রতিরোধ্য মেসি, নেপথ্যের জাদুকরী রহস্য

বিজ্ঞাপন

চলমান বিশ্বকাপে লিওনেল মেসি যেন এক রূপকথার নাম। ৩৯ বছর বয়সে পা রেখেও তার পায়ে পুরনো তেজ, গোল করার তীব্র ক্ষুধা আর মাঠজুড়ে সেই চিরচেনা ছন্দ। বয়সের সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে আর্জেন্টাইন মহাতারকা যেভাবে একের পর এক রেকর্ড ভাঙছেন, তা অবাক করছে বিশ্ব ফুটবলকে। কিন্তু এই বিস্ময়ের পেছনের রহস্য কী?

আর্জেন্টাইন পত্রিকা 'দিয়ারিও ওলে'র তথ্যানুযায়ী, মেসির এই অবিশ্বাস্য ফর্মের পেছনে রয়েছে নিশ্ছিদ্র এক মেডিকেল পরিকল্পনা এবং দলের অটুট একতা।

মেসির অদম্য ফিটনেসের মূল চাবিকাঠি হলো তার রুটিন। প্রতিটি ম্যাচ বা কঠোর অনুশীলনের পর তিনি নিয়মিত ‘আইস বাথ’ বা বরফ-শীতল পানিতে স্নান করেন, যা পেশির প্রদাহ দ্রুত কমিয়ে শরীরকে সতেজ করে তোলে। এছাড়া পায়ের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং ল্যাকটিক এসিড দূর করতে তিনি ব্যবহার করছেন আধুনিক ‘নিউমেটিক কম্প্রেশন বুট’।

মেসির খাবার মেনুতে রয়েছে কঠোর ভারসাম্য। পুষ্টিবিদদের পরামর্শে তিনি নিয়ম মেনে পুষ্টিকর খাবার গ্রহণ করেন। তবে মানসিক চাপ কাটাতে মাঝেমধ্যে পছন্দের খাবারে সামান্য ছাড় দেওয়ার স্বাধীনতাও তার আছে, যা তাকে মানসিকভাবে সতেজ রাখে। গভীর ঘুম এবং পর্যাপ্ত জলয়োজন (হাইড্রেশন) নিশ্চিত করাও তার রুটিনের অবিচ্ছেদ্য অংশ।

মেসির সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি এখন আর্জেন্টিনার দলীয় সংহতি। দলের ভেতর একটি অলিখিত চুক্তি রয়েছে—‘সবাই মেসির জন্য এবং মেসি সবার জন্য’। মাঠের অন্য খেলোয়াড়রা বাড়তি দৌড়ঝাঁপ করে মেসির জন্য জায়গা তৈরি করে দেন। ফলে মেসিকে অহেতুক শারীরিক ধকল নিতে হয় না এবং তিনি মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সময়ে নিজের সেরাটা দেওয়ার শক্তি সঞ্চয় করতে পারেন।

উন্নত চিকিৎসা, কঠোর শৃঙ্খলা আর সতীর্থদের এমন নিঃস্বার্থ সহযোগিতার মেলবন্ধনেই ২০২৬ বিশ্বকাপে মেসি নিজেকে আবারও এক উচ্চতায় নিয়ে গেছেন। ফুটবলপ্রেমীদের আশা, এই শৃঙ্খলা আর ফর্ম ধরে রেখে তিনি হয়তো আরও একবার বিশ্বকাপের মঞ্চে অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার