Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনার জয় কি দুর্নীতি? এবার এএফএ’র ই-মেইল ঘিরে বিতর্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩০ এএম

আর্জেন্টিনার জয় কি দুর্নীতি? এবার এএফএ’র ই-মেইল ঘিরে বিতর্ক

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর জয়ের পর এক অদ্ভুত ও বিতর্কিত ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো একটি ইমেইলকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ই-মেইলটিতে সরাসরি দাবি করা হয়েছে, ‘আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল মূলত দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের ফল।’

বিশ্বকাপের শেষ ষোলোর সেই নাটকীয় ম্যাচে আর্জেন্টিনা একসময় মিশরের কাছে ২-০ গোলে পিছিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন লিওনেল মেসিরা। ম্যাচ শেষে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ওই ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ার এবং অফিশিয়ালদের দলটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাদের পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানায়। 

ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এএফএ’র অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আসা ওই ই-মেইলটি ফুটবল মহলে তোলপাড় সৃষ্টি করে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা ক্যালে’ জানিয়েছে, ই-মেইলটিতে মিশরের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়েছিল, যা এএফএ-এর অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মুখে দ্রুত বিবৃতি দিয়েছে এএফএ। তারা জানিয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টটি বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে। এএফএ-এর ভাষ্যমতে, ‘আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তাগুলো আমাদের তৈরি বা অনুমোদিত নয়। আমাদের সিস্টেম অননুমোদিত অ্যাক্সেসের শিকার হয়েছে এবং আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।’

প্রাথমিক তদন্তে এএফএ-এর অভ্যন্তরীণ সূত্রগুলো সন্দেহ করছে, এর পেছনে মিশরীয় বংশোদ্ভূত কোনো হ্যাকার গ্রুপ থাকতে পারে। নিরাপত্তা বজায় রাখতে এএফএ তাদের অ্যাকাউন্ট থেকে আসা যেকোনো অস্বাভাবিক লিংক বা অ্যাটাচমেন্ট এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের এই সাইবার আক্রমণের ঘটনা এখন বিশ্বকাপের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার