বিজ্ঞাপন
কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনাল খেলবে যে ৪ দেশ
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
বিজ্ঞাপন
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি আছে মাত্র আটটি ম্যাচ, আর শিরোপার লড়াইয়ে টিকে আছে আটটি দল। একদিনের বিরতির পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এই পর্বকে সামনে রেখে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। অপরদিকে, নকআউট পর্বের শেষ দুটি ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
অপটার সুপার কম্পিউটার ইতোমধ্যেই নকআউট পর্বে প্রায় নির্ভুলতার পরিচয় দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ছয়টির নাম আগেই সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল। এছাড়া শেষ ষোলোর ১৬ ম্যাচের মধ্যে ১৪টির বিজয়ীও সঠিকভাবে অনুমান করেছিল এই প্রযুক্তি। তথ্য-উপাত্তের বিশ্লেষণে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকেই শেষ চারে ওঠার সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে দেখানো হয়েছে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে।
অপটার হিসাবে সেমিফাইনালের সম্ভাবনা
ফ্রান্স – ৭৩.৮৮%; মরক্কো – ২৬.১২%
স্পেন – ৬৯.৭০%; বেলজিয়াম – ৩০.৩০%
ইংল্যান্ড – ৬২.৩৫%; নরওয়ে – ৩৭.৬৫%
আর্জেন্টিনা – ৬৯.১৩%; সুইজারল্যান্ড – ৩০.৮৭%
এদিকে, বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার। সর্বশেষ হিসাব অনুযায়ী, ফ্রান্স শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। চমক হিসেবে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। যদিও কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা, তবুও অপটার বিশ্লেষণে তাদের সম্ভাবনা বেড়েছে। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। অন্য চার দল; নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করছে অপটার সুপারকম্পিউটার।
অপটার হিসাবে শিরোপা জয়ের সম্ভাবনা
ফ্রান্স – ২৭.৩%
স্পেন – ২১.৩%
আর্জেন্টিনা – ১৭.৩%
ইংল্যান্ড – ১৬.৫%
নরওয়ে – ৬.৬%
সুইজারল্যান্ড – ৩.৮%
মরক্কো – ৩.৭%
বেলজিয়াম – ৩.৬%