Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

‘বিশ্বকাপ বিপণন নির্ভর, তারা চেয়েছিল মেসি যতদিন সম্ভব ...

ন্যায়বিচার না পেয়ে মিশরের কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৭ এএম

‘বিশ্বকাপ বিপণন নির্ভর, তারা চেয়েছিল মেসি যতদিন সম্ভব ...

বিজ্ঞাপন

মিশর উৎসবের অপেক্ষায় ছিল। প্রথমবার নক আউট পর্বে এসে প্রথমে অস্ট্রেলিয়াকে বিদায় করে তারা। এরপর শেষ ষোলোর ম্যাচে আটালান্টায় আর্জেন্টিনাকে ভয় পাইয়ে দেয়। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচে তারা শেষ হাসিটা হাসতে পারেনি।

প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে আর্জেন্টিনা ৩-২ গোলে ম্যাচ জিতে নেয়। মাত্র ১৪ মিনিটে আলবিলেলেস্তদের দোর্দান্ড প্রত্যাপে মিশর পথ হারিয়ে ফেলে। যদিও ম্যাচ পরিচালনকারী রেফারিদের নিয়ে তীব্র আপত্তি আছে মিশরের। তাদের একটি গোল বাতিল করে ইনজুরির অজুহাতে। এছাড়া আর্জেন্টিনার বক্সে মোহাম্মদ সালাহর একটি ট্যাকেলও রেফারি এড়িয়ে যান। ওই কাউন্টার অ্যাটাকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এনজো। শেষ পর্যন্ত মিশর হৃদয়ভাঙা হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে। মোহাম্মদ সালাহদের যাত্রা শেষ হয় শেষ ষোলোতে। 

ম্যাচ শেষে রেফারিং নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশর কোচ। তার দাবি, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। ৫৮তম মিনিটে ভিএআরের মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করা হয়। এছাড়া আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে তাদের একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল বলেও দাবি করেন তিনি।

হোসাম হাসান বলেন, ‘আমরাই ভালো খেলেছি এবং প্রতিপক্ষের ওপর নিজেদের কৌশল চাপিয়ে দিতে পেরেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে ন্যায়বিচার হয়নি। কেন আমাদের গোল বাতিল করা হলো, আমি জানি না।’

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপ এখন অনেকটাই বিপণন নির্ভর। তারা চেয়েছিল মেসি যতদিন সম্ভব টুর্নামেন্টে থাকুক।’

বিশ্বকাপের শেষ ষোলো থেকে নাটকীয়ভাবে বিদায় নিলেও নিজের দলের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন হাসান। তিনি জানান, এই আসরে মিশরের পারফরম্যান্স দেশটির ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরি করেছে।

নিজের ছেলেদের পারফরম্যান্সে গর্বিত হাসান, ‘বিশ্বকাপে আমার দলের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। আমাদের দল আফ্রিকান ও আরব ফুটবলের সম্মান রক্ষা করেছে। আমরা কোনো দলকে ভয় পাই না। এই বিশ্বকাপে যা অর্জন করেছি, তার ওপর ভিত্তি করেই ভবিষ্যতের লক্ষ্য পূরণে এগিয়ে যাব। বিশ্বের যেকোনো দলের সঙ্গে সমানতালে লড়াই করাই আমাদের লক্ষ্য।’

‘আমার খেলোয়াড়দের ধন্যবাদ। তারা প্রমাণ করেছে, বিশ্বের সেরা লিগে খেলা ফুটবলারদের সঙ্গেও সমানতালে লড়াই করা সম্ভব। ভবিষ্যতে আমরা বিশ্বের শীর্ষ ফুটবল জাতিগুলোর কাতারে জায়গা করে নেব।’ – যোগ করেন তিনি। 

সবশেষে দেশের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে হাসান বলেন, ‘মিশরের মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমরা আপনাদের আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা আরও অনেক দূর যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কী ঘটেছে, সবাই তা দেখেছেন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার