Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

‘জেল খেটে এসে’ বিশ্বকাপে মিশরের সর্বোচ্চ গোলদাতা, কে এই ইমাম আশুর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

‘জেল খেটে এসে’ বিশ্বকাপে মিশরের সর্বোচ্চ গোলদাতা, কে এই ইমাম আশুর

বিজ্ঞাপন

মিশরীয়দের মধ্যে বিশ্ব ফুটবলের লাইমলাইট সবসময় কেড়ে নেন মোহামেদ সালাহ কিংবা ওমর মারমুশ। কিন্তু চলতি ২০২৬ বিশ্বকাপে মিশরের নকআউট পর্বের রূপকথা সচল রাখার পেছনে আসল কারিগর একজন।

তিনি ইমাম আশুর; মাঠের পারফরম্যান্সে যতটা উজ্জ্বল, মাঠের বাইরের বিতর্কে ঠিক ততটাই মেরুকরণ তৈরি করা এক চরিত্র। দলের বিপর্যয়ে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অসীম ক্ষমতা রয়েছে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।

চলতি বিশ্বকাপে মিশরের গ্রুপ পর্বের বাধা পেরোতেই বড় ভূমিকা রেখেছিলেন আল আহলি’র এই তারকা। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ যখন হাত থেকে ফসকে যাচ্ছিল, শেষ মুহূর্তে তার গোলেই ১-১ ব্যবধানে ড্র করে মিশর।

এরপর শেষ ষোলোর (রাউন্ড অব ৩২) ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হেডারে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে জিতে শেষ ষোলো নিশ্চিত করে মিশর।

এই গোলের মাধ্যমে ১৯৩৪ সালের পর; অর্থাৎ দীর্ঘ ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের পক্ষে প্রথম গোলের কীর্তি গড়েন আশুর। একই সঙ্গে কিংবদন্তি আবদেলরাহমান ফাওজি এবং সালাহ’র পর তৃতীয় মিশরীয় হিসেবে বিশ্বকাপে একাধিক গোল করার নজির গড়েন তিনি। ফিফার তথ্যমতে, বিশ্বকাপে ৩২১ মিনিট খেলে তার পাসিংয়ের নির্ভুলতার হার ৮৯ শতাংশ।

আশুরের ফুটবলীয় প্রতিভা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও তার বড় শত্রু তার ‘উগ্র মেজাজ’। ২০২৪ সালের জুন মাসে এক শপিং মলের নিরাপত্তা রক্ষীকে মারধর করার অপরাধে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়। অবশ্য এর পেছনে আশুরের যুক্তি ছিল আবেগঘন, ‘আমার স্ত্রী ইয়াসমিন আমাকে ফোন করে জানায় কিছু বখাটে তাকে উত্যক্ত করছে এবং নিরাপত্তারক্ষীরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই ক্ষোভ থেকেই আমি ওমন রিয়্যাক্ট করেছিলাম।’

জেল থেকে ফেরার পরও আল আহলি ক্লাবে তার শৃঙ্খলাভঙ্গ থামেনি। ক্লাবের অধিনায়ক মোহাম্মদ এল-শেনাওয়ির সঙ্গে ঝগড়া করায় তাকে ১০ লাখ মিশরীয় পাউন্ড জরিমানা করা হয়। এর কিছুদিন পর আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যেতে অস্বীকৃতি জানানোয় তাকে আরও ১৫ লাখ পাউন্ড জরিমানা করা হয়।

তার ক্যারিয়ারের একমাত্র ইউরোপীয় অভিজ্ঞতা ডেনমার্কের ক্লাব মিডজিল্যান্ডের সঙ্গে। ৩০ লাখ ইউরোর বিনিময়ে সেখানে গেলেও ডেনমার্কের তীব্র শীত, ভাষার সমস্যা এবং তাকে দলে নেওয়া কোচের বরখাস্ত হওয়ার অজুহাতে তিনি ইনজুরির ছুটির উসিলায় মিশরে ফিরে আর ডেনমার্কে যাননি। কার্যত ক্লাবের সঙ্গে চুক্তি ভেঙে তিনি আল আহলিতে ফিরে আসেন।

এতসব বিতর্ক, ইনজুরি আর শৃঙ্খলাভঙ্গের পরেও মিশরের কোচ হোসাম হাসান আশুরের ওপর আস্থা রেখেছিলেন। কোচ বিশ্বাস করতেন, আশুর মানসিকভাবে পরিপক্ব হয়েছেন এবং নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে শিখেছেন। কোচ হাসানের সেই আস্থার প্রতিদান আশুর মাঠেই দিচ্ছেন।

বর্তমানে ট্রান্সফারমার্কেট অনুযায়ী সাড়ে ৩৫ লাখ ইউরো মূল্যের এই মিডফিল্ডার আজ রাতে মুখোমুখি হবেন লিওনেল মেসির আর্জেন্টিনার। সালাহ’র ছায়ায় ঢাকা থাকা এই ‘বিদ্রোহী ফারাও’ আর্জেন্টিনার বিপক্ষেও নিজের চিরচেনা বিদ্রোহী রূপ ও প্রতিভা মেলে ধরতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার