Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন রোনালদো?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন রোনালদো?

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে আসার আগে সবার মনে একটাই প্রশ্ন ছিল। প্রশ্নটা ছিল রোনালদোকে নিয়ে। এবার কি তিনি বিশ্বকাপ জিততে পারবেন? কিন্তু শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তরটা হয়েছে নেতিবাচক। স্বপ্ন পূরণ হয়নি।

রাউন্ড অব সিক্সটিনে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেছে পর্তুগাল। ঠিক এমনটাই হয়েছিল ২০১০ সালেও। সেবারও স্পেনের কাছে হেরেই বিদায় নিয়েছিল পর্তুগাল। এই নিয়ে টানা ছয়টি বিশ্বকাপে ট্রফি ছাড়াই ফিরতে হলো রোনালদোকে। এই ম্যাচের পর সবাই ভাবছে, এটাই কি ছিল জাতীয় দলের হয়ে রোনালদোর শেষ ম্যাচ।

তবে তিনি এখনই বিদায় বলছেন না। বলছেন, ‘আমি কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। এখন এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি খেলা চালিয়ে যাব কিনা। আগামীকাল আমি আজকের মতোই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।’ 

অবসর কবে হবে, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একদিন সেই দিনটা আসবে, তবে সত্যি বলতে ক্রিশ্চিয়ানো পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নেবে। শতভাগ নয়, হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়ে। কারণ আমি ফুটবলে সব উজাড় করে দিয়েছি। আমার এসবের দরকার নেই, আমার ভালো জীবন আছে। এটা শুধু ভালোবাসার ব্যাপার। আমি ফুটবল খেলি কারণ আমি এটা ভালোবাসি... প্রতিটা দিন উপভোগ করতে হয়। আর আমি এখন পর্যন্ত তিনটা গোল করেছি। খারাপ করিনি, তাই না?’

টুর্নামেন্ট শুরুর আগেই অনেক ইঙ্গিত ছিল। রোনালদো নিজেও বলেছিলেন, এই বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। এর মানে বিশ্বকাপ না জিতেই ক্যারিয়ার শেষ করতে হচ্ছে তাকে।

স্পেনের কাছে হারের পর রোনালদোর চোখে পানি দেখা যায়। অনেকেই মনে করছেন, এই কান্নাই বলে দিচ্ছে বিশ্বকাপের সঙ্গে তার পথচলা এখানেই শেষ।

রোনালদোর বয়স এখন ৪১ বছর। পরের বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে ৪৫ বছর। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড মিশরের গোলরক্ষক এসসাম এল হাদারির। তিনি খেলেছিলেন ৪৫ বছর ১৬১ দিন বয়সে। তবে তিনি খেলেছিলেন গোলরক্ষক হিসেবে। রোনালদোর মতো একজন ফরোয়ার্ডের পক্ষে এই বয়সে খেলা অনেক কঠিন।

তবে ২০৩০ বিশ্বকাপে পর্তুগাল সহ-আয়োজক থাকায় রোনালদোকে পুরোপুরি বাদও দেওয়া যাচ্ছে না। যতদিন না তিনি বুট তুলে রাখছেন, ততদিন কিছু বলা যায় না।

ক্লাব ফুটবলে রোনালদোর চুক্তি আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত। তাই আগামী মৌসুমেও সৌদি প্রো লিগে তাকে দেখা যাবে। এরপর তিনি পুরোপুরি অবসর নেবেন কিনা, সেটাও এখনো নিশ্চিত নয়।

২০২৫ সালের নভেম্বরে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, তিনি ‘শীঘ্রই’ ফুটবল থেকে অবসর নেবেন। যদিও ‘শীঘ্রই’ শব্দটার মানে অনেক কিছু হতে পারে। তবে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, ২০২৬ বিশ্বকাপই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ টুর্নামেন্ট।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার