বিজ্ঞাপন
কেইনের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইংল্যান্ড কোচ টুখেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
বিজ্ঞাপন
মেক্সিকোর বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। অধিনায়ক হ্যারি কেইনের পর এবার রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বিবিসি স্পোর্টকে দেওয়া প্রতিক্রিয়ায় টুখেল বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের পারফরম্যান্স প্রত্যাশার মানে ছিল না।
তার ভাষায়, “রেফারিং যথেষ্ট ভালো ছিল না। রেফারিরা ভালো ছিলেন না, চতুর্থ কর্মকর্তাও ভালো ছিলেন না। এটাই বাস্তবতা।”
বিশেষ করে ভিএআরের একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান ইংল্যান্ড কোচ। তার দাবি, যে পেনাল্টির সিদ্ধান্তটি পরে পরিবর্তন করা হয়েছে, সেটি ‘স্পষ্ট ও সুস্পষ্ট ভুল’ ছিল না। তিনি বলেন, মাঠের রেফারি প্রথমে কোনো ফাউল দেননি, এরপরও ভিএআর হস্তক্ষেপ করে সিদ্ধান্ত বদলে দিয়েছে, যা তার কাছে যৌক্তিক মনে হয়নি।
ভিএআরের কর্মকর্তাদের নিয়েও প্রশ্ন তোলেন টুখেল। তার মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভিএআরে দক্ষিণ আমেরিকার তিনজন কর্মকর্তার দায়িত্বে থাকা নিয়েও আলোচনা হতে পারে।
তবে রেফারিং নিয়ে সমালোচনার পাশাপাশি দলের প্রশংসাও করেছেন ইংল্যান্ড কোচ। তিনি বলেন, এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের বিশ্বাস ও লড়াই করার মানসিকতা। নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়রা জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে গেছে এবং সেই কারণেই জয় এসেছে। দলের পারফরম্যান্সে তিনি গর্বিত বলেও জানান।
এর আগে একই ম্যাচ শেষে অধিনায়ক হ্যারি কেইনও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ফলে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ পরিচালনা নিয়ে ইংল্যান্ড শিবির থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠল।
নাটকীয় এই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আর্লিং হালান্ডের নরওয়ে।