বিজ্ঞাপন
‘এমন অস্থিরতা নিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়’, ব্রাজিল অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম
বিজ্ঞাপন
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিল দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক মার্কিনহোস। তিনি বলেছেন, গত চার বছরে দলের ভেতরে চলা অস্থিরতার প্রভাব বিশ্বকাপেও পড়েছে এবং এমন পরিস্থিতিতে শিরোপা জেতা সম্ভব নয়।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মার্কিনহোস বলেন, অধিনায়ক হিসেবে ব্যর্থতার পুরো দায় তিনি এবং দলের সিনিয়র খেলোয়াড়রা নিচ্ছেন। তার মতে, এতে নতুন প্রজন্মের ফুটবলাররা চাপমুক্ত পরিবেশে নতুন অধ্যায় শুরু করার সুযোগ পাবে।
তিনি বলেন, গত চার বছর ধরে ব্রাজিল দল অস্থির সময় পার করেছে। এমন পরিস্থিতি নিয়ে বিশ্বকাপে বড় সাফল্যের আশা করা বাস্তবসম্মত ছিল না। মাঠে সর্বোচ্চ চেষ্টা করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুলের খেসারত দিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মার্কিনহোস বলেন, দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। এজন্য তিনি দেশের ফুটবলপ্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
এবারের বিশ্বকাপ থেকে বিদায়ের মাধ্যমে ১৯৯০ সালের পর সবচেয়ে হতাশাজনক বিশ্বকাপ অভিযান শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পাশাপাশি ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের শিরোপাহীন সময় ২৮ বছরে পৌঁছাবে, যা দেশটির ফুটবল ইতিহাসে দীর্ঘতম অপেক্ষা হিসেবে বিবেচিত হবে।
গত চার বছরের এই সময়ে ব্রাজিল জাতীয় দল তিনবার কোচ পরিবর্তন করেছে। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে রামোন মেনেজেস, ফার্নান্দো দিনিজ এবং দরিভাল জুনিয়র দায়িত্ব পালন করেন। বারবার কোচ পরিবর্তন এবং পরিকল্পনার ধারাবাহিকতার অভাবকে দলের সাম্প্রতিক ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।
তবে হতাশাজনক ফলাফলের পরও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কার্লো আনচেলত্তির ওপর আস্থা রেখেছে। সংস্থাটি ইতোমধ্যে তার চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে।