Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে তিন পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে তিন পরিবর্তন

বিজ্ঞাপন

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর এবার শেষ ষোলোর লড়াইয়ে মিশরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা।

ঝড়ের কারণে শনিবারের অনুশীলন বাতিল হলেও মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

রোববার আটলান্টায় যাত্রার আগে ক্লোজড-ডোর অনুশীলনের পর চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর ধারণা, সর্বোচ্চ তিনটি পরিবর্তন হতে পারে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে একটি করে বদলের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

সবচেয়ে বড় আলোচনার বিষয়, লিওনেল মেসির সঙ্গে আক্রমণে কে শুরু করবেন। বিশ্বকাপের আগে গোড়ালির চোটে পড়ায় পুরোপুরি ফিট না থাকায় কেপ ভার্দের বিপক্ষে লাউতারো মার্তিনেজকে একাদশে রেখেছিলেন স্কালোনি।

যদিও সেই ম্যাচে লাউতারো একটি ভালো সুযোগ পেলেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা দুর্দান্ত সেভ করে তাকে গোলবঞ্চিত করেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। তিনি চনমনে ফুটবল খেললেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেননি। তবু মিশরের বিপক্ষে তাকে শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রক্ষণভাগেও পরিবর্তন আসতে পারে। লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পেশিতে অস্বস্তি অনুভব করেছিলেন। ফলে নিয়মিত লেফট-ব্যাক নিকোলাস তালিয়াফিকো আবারও একাদশে ফিরতে পারেন।

মাঝমাঠেও নতুন সমন্বয়ের কথা ভাবছেন স্কালোনি। লিয়ান্দ্রো পারেদেস কিংবা নিকোলাস গনসালেস-দুজনের একজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে থিয়াগো আলমাদার।

পারেদেস খেললে তিনি ডিপ-লাইং মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার নিজের স্বাভাবিক অবস্থানে আরও স্বাধীনভাবে খেলতে পারবেন। অন্যদিকে নিকোলাস গনসালেস একাদশে এলে ফর্মেশনে বড় পরিবর্তন না এলেও আক্রমণভাগে গতি ও ধার বাড়বে।

তবে স্কালোনি শেষ মুহূর্তে চমক দেওয়ার জন্যও পরিচিত। তাই আলোচনায় না থাকা কোনো ফুটবলারকেও একাদশে দেখা যেতে পারে। যদিও কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়া দলটির ওপরই এখনো সবচেয়ে বেশি আস্থা রাখছেন আর্জেন্টিনা কোচ।

সব মিলিয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার মূল কাঠামো অপরিবর্তিত থাকলেও তিনটি পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা জোরালো। লক্ষ্য একটাই—শেষ আটে উঠে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার