বিজ্ঞাপন
ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
বিজ্ঞাপন
বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচ ব্রাজিল-নরওয়ে। এই ম্যাচকে ঘিরে চমকপ্রদ এক পূর্বাভাস দিয়েছেন বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ও সাবেক ফুটবলার ক্রিস সাটন। তার মতে, টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
সাটনের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ২-২ গোলে সমতায় থাকবে। এরপর টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে নরওয়ে। তিনি মনে করেন, টাইব্রেকারে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড নায়ক হয়ে উঠবেন।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত দক্ষতার প্রশংসা করলেও সাটনের মতে, জাপানের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের মাঝমাঠে কিছু দুর্বলতা চোখে পড়েছে। সেই দুর্বলতার সুযোগ নিতেই পারে নরওয়ে।
বিশেষ করে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের দ্বৈরথ ম্যাচের অন্যতম আকর্ষণ হবে বলে মনে করছেন তিনি। তবে সাটনের বিশ্বাস, হলান্ডকে পুরোপুরি আটকে রাখতে পারবে না ব্রাজিলের রক্ষণ।
পরিসংখ্যানও নরওয়ের পক্ষেই কিছুটা কথা বলছে। ১৯৯৮ সালের পর দুই দল চারবার মুখোমুখি হলেও একবারও জিততে পারেনি ব্রাজিল। ওই চার ম্যাচের মধ্যে দুটি ড্র হয়েছে, আর বাকি দুটি জিতেছে নরওয়ে।
এছাড়া ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলের মুখোমুখি হওয়া প্রতিবারই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। সেই ইতিহাসও নরওয়েকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাসে দেখা গেছে ভিন্ন চিত্র। মাইক্রোসফট কপাইলটের বিশ্লেষণে ৪-২ গোলের ব্যবধানে ব্রাজিলের জয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে।
ব্রাজিল-নরওয়ে ম্যাচ ছাড়াও শেষ ষোলোর অন্য লড়াইগুলো নিয়ে নিজের পূর্বাভাস দিয়েছেন ক্রিস সাটন। তার মতে, মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও কলম্বিয়া নিজ নিজ ম্যাচ জিতে পরবর্তী পর্বে জায়গা করে নেবে।
এখন দেখার বিষয়, সাটনের সাহসী ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলিয়ে যায়, নাকি ব্রাজিল নিজেদের বিশ্বকাপ ঐতিহ্য ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।