বিজ্ঞাপন
আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা? তাগলিয়াফিকোকে ঘিরে বিশ্বকাপে বিতর্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ এএম
বিজ্ঞাপন
বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু ফল নয়, রেফারির একটি সিদ্ধান্তও। আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
ম্যাচের ১১৫তম মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ঠিক তখনই বাম প্রান্ত থেকে একটি ফ্রি-কিক পায় কেপ ভার্দে। সিডনি লোপেস কাবরালের নেয়া বল গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ঠেকিয়ে দেন। এরপর বক্সের ভেতরে বল নিয়ে হুড়োহুড়ির সময় নাকে জোরালো আঘাত পান তাগলিয়াফিকো। এতে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে।
ঘটনার পর তিনি প্রায় এক মিনিট মাঠে শুয়ে ছিলেন। পরে রেফারি ড্রু ফিশার তাকে রক্তমাখা জার্সি বদলাতে মাঠের বাইরে যেতে বলেন। আর্জেন্টিনার মেডিকেল টিম মাঠে প্রবেশ না করলেও মাঠের বাইরে তাগলিয়াফিকোর নাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং রক্তপাত বন্ধের ব্যবস্থা করে।
এদিকে কেপ ভার্দে কর্নার নেওয়ার জন্য প্রস্তুত থাকলেও রেফারি খেলা পুনরায় শুরু করেননি। বরং তাগলিয়াফিকো চিকিৎসা শেষে মাঠে ফেরার জন্য প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি মাঠে প্রবেশ করার পরই কর্নার থেকে খেলা পুনরায় শুরু হয়।
রেফারির এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কেপ ভার্দের কয়েকজন খেলোয়াড়ও ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন, আর্জেন্টিনা এই ঘটনায় বাড়তি সুবিধা পেয়েছে।
বিতর্কের কারণ, আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর ‘অফ-ফিল্ড ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রটোকল’ অনুযায়ী, কোনো খেলোয়াড় আহত হয়ে চিকিৎসার জন্য মাঠের বাইরে গেলে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হয়। এর মধ্যে রয়েছে, খেলা বন্ধ থাকা অবস্থায় চোটের কারণে রেফারি চিকিৎসাকর্মীদের ডাকলে বা খেলোয়াড় মাঠে চিকিৎসা নেয়ার অনুরোধ করলে।
সমালোচকদের দাবি, তাগলিয়াফিকোর ক্ষেত্রে সেই এক মিনিটের নিয়ম কার্যকর করা হয়নি। বরং চিকিৎসা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মাঠে ফেরার অনুমতি দেয়া হয় এবং এরপরই খেলা শুরু হয়।