বিজ্ঞাপন
তবে কি ফাইনালের আগেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
বিজ্ঞাপন
বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইগুলোর একটি আর্জেন্টিনা বনাম ব্রাজিল দ্বৈরথ। দুই দলই নিজেদের নকআউট বাধা পেরোতে পারলে এবার সেই মহারণ হতে পারে ফাইনালের আগেই। বর্তমান সূচি অনুযায়ী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ইতোমধ্যে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় আসা ব্রাজিল সোমবার নরওয়ের মুখোমুখি হবে। আর্জেন্টিনা খেলবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় মিসরের বিপক্ষে।
দুই দলই নিজেদের শেষ ষোলোর ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হবে। আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিল শেষ আটে খেলতে পারে ইংল্যান্ড কিংবা মেক্সিকোর বিপক্ষে। এরপর দুই দলই জয় পেলে সেমিফাইনালেই হতে পারে বহু প্রতীক্ষিত দক্ষিণ আমেরিকান ক্লাসিকো।
আর্জেন্টিনা গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নিজেদের যাত্রা অব্যাহত রেখেছে।
অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায়। সাত পয়েন্ট নিয়ে তারা গ্রুপ শেষ করে। গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর জাপানকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নেয় ব্রাজিল।
গাণিতিক পূর্বাভাসও ইঙ্গিত দিচ্ছে, সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে আছে ব্রাজিল। ইনস্টিটিউট অব ক্যালকুলেশন (কনিসেট-ইউবিএ) এবং লা নাসিওনের পূর্বাভাস মডেল অনুযায়ী, সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের সম্ভাবনা ৩৫ দশমিক ৪ শতাংশ। একই সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডেরও। এরপর রয়েছে মেক্সিকো (২১ দশমিক ৬ শতাংশ) এবং নরওয়ে (৭ দশমিক ৬ শতাংশ)।
ফলে দুই দল নিজেদের প্রত্যাশিত ফল ধরে রাখতে পারলে, বিশ্বকাপের সেমিফাইনালেই হতে পারে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ—আর্জেন্টিনা বনাম ব্রাজিল।
আর্জেন্টিনা–ব্রাজিল: মুখোমুখি পরিসংখ্যান
অফিসিয়াল ম্যাচ: ১০৬টি
আর্জেন্টিনার জয়: ৪১টি
ব্রাজিলের জয়: ৩৯টি
ড্র: ২৬টি
আর্জেন্টিনার গোল: ১৬০টি
ব্রাজিলের গোল: ১৫৫টি
শেষ পাঁচ ম্যাচের ফলাফল:
২৫ মার্চ ২০২৫:আর্জেন্টিনা ৪-১ ব্রাজিল (২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা বাছাই)
২২ নভেম্বর ২০২৩: ব্রাজিল ০-১ আর্জেন্টিনা (২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা বাছাই)
১৬ নভেম্বর ২০২১: আর্জেন্টিনা ০-০ ব্রাজিল (২০২২ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা বাছাই)
১০ জুলাই ২০২১: আর্জেন্টিনা ১-০ ব্রাজিল (কোপা আমেরিকা ২০২১ ফাইনাল)
৫ নভেম্বর ২০১৯: আর্জেন্টিনা ১-০ ব্রাজিল (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)