Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিজ্ঞাপন

সম্ভবত নিজেদের ফুটবল ইতিহাসের সেরা ম্যাচটা খেলে ফেলল কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের মতো দলকে রুখে দিয়ে নকআউটে উঠে আগেই ইতিহাস গড়েছিল ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি।

রাউন্ড অব বত্রিশের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে নবাগত দলটি। নির্ধারিত সময়ে বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সমতায় ছিল ম্যাচ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গিয়ে হাত ফসকে যায়। তবে শেষ বাঁশি বাজার আগমুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়েছে ভোজিনহারা। 

শেষ পর্যন্ত ফলাফল পক্ষে না গেলেও এরই মধ্যে ফুটবল বিশ্বের মন জিতে নিয়েছে আফ্রিকার দেশটি। তাদের পারফরম্যান্স যে ‘ফ্লুক’ না, বরং বাস্তবতা সেটাই যেন দেখাল তারা। অবশ্য ম্যাচের আগেই এমন উত্তাপের আভাস দিয়ে রেখেছিলেন কেপ ভার্দে কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, ফুটবল বিশ্ব ‘বুবিস্তা’ নামেই যাকে চেনে। 

কেপ ভার্দের এই কোচ বলেছিলেন, অনেকেই ভাবেন, যখন এক দল স্পষ্ট ফেভারিট, তখন অন্য দল হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা সেটা করতে মাঠে নামছি না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবো।’ মাঠে তার দেওয়া কথা রেখেছে তার শিষ্যরা। আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে তারা। আশঙ্কা ছিল ছিটকে পড়ারও। শেষ পর্যন্ত আর্জেন্টিনার ঘাম ছুটিয়ে ৩-২ গোলে হেরেছে কেপ ভার্দে। 

প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে শেষ ৩২ এ ছিটকে যাওয়ার পর স্বাভাবিকভাবে গর্বিত কেপ ভার্দে কোচ বুবিস্তা। দলের পারফরম্যান্স নিয়ে বুক ভরা গর্বের কথা জানালেন এবং বললেন, তারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে যাচ্ছেন।

ব্লু শার্কদের হেড কোচ বললেন, ‘দল ও স্টাফদের গর্ব হওয়ার মতো ব্যাপার এটা। আমি মনে করি আমরা আমাদের দেশকে সম্মান এনে দিয়েছি। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেললাম, দুইবার সমতা ফেরালাম এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিলাম।’

আর্জেন্টিনার মতো বিশ্বমানের দলের বিপক্ষে ১২০ মিনিট লড়াই করাকে বিশাল অর্জন ও গর্বের বিষয় বলে মনে করেন বুবিস্তা, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। তারা মাঠে যে সাহসিকতা আর মর্যাদা দেখিয়েছে, তা অতুলনীয়। আর্জেন্টিনা কেন বিশ্বচ্যাম্পিয়ন, তা তারা আজ প্রমাণ করেছে। তবে আমি এটাও বুক ফুলিয়ে বলতে পারি, আমাদের ছেলেরা ম্যাচটি জেতার জন্য নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছে।’

বুবিস্তা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুই গোল দিয়ে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। এটাই আমাদের দলের চরিত্র এবং দক্ষতার প্রমাণ। তারা চরম বীরত্বের সাথে খেলেছে এবং নিজেদের খেলার সহজাত ধরণটা কখনোই হারিয়ে যেতে দেয়নি।’

আর্জেন্টিনার তিন গোলের দুটি এসেছে সেট পিস থেকে। আর এই জায়গায় নিজেদের ভোগান্তির কথা জানালেন বুবিস্তা, ‘একটি সেট পিসের কারণে আমরা খেলায় হারলাম। কিন্তু সবকিছু ছাপিয়ে আমরা খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের দেশ মর্যাদা দেখিয়েছে। আমরা আমাদের চরিত্র ও পরিচয় দেখালাম।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার