বিজ্ঞাপন
বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগে স্কালোনির কড়া জবাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে ‘ফেভারিটিজম’ বা বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার সেই প্রশ্ন উঠল সরাসরি বিশ্বচ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা টুর্নামেন্টে বিশেষ সুবিধা পাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এর সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন। তাহলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না।’
বর্তমান সময়ে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিড়ে কীভাবে ভিত্তিহীন তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ে, সে বিষয়টি তুলে ধরেন আর্জেন্টিনা কোচ। তার মতে, অনেক সময় দলের সাফল্যকে খাটো করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়।
এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এখন যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং খুব ছোট একটি বিষয়কে বড় করে উপস্থাপন করতে পারে। আমার মনে হয় এসব বিষয়ে আমাদের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সর্বত্র পৌঁছে যায়। তবে আমরা এসব বিষয়ে কোনো মনোযোগ দিচ্ছি না।’
উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।