বিজ্ঞাপন
যা জানা যাচ্ছে
পেনাল্টি নেওয়ার আগে রোনালদো কি আসলেই বিসমিল্লাহ বলেছেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৫০ এএম
বিজ্ঞাপন
ক্রোয়েশিয়ার বিপক্ষে মহানাটকীয় ম্যাচে ২-১ ব্যবধানের জয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে পর্তুগাল। ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টিতে গোল করে দলের আশা টিকিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই মুহূর্তের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে।
পেনাল্টি কিক নেওয়ার ঠিক আগের মুহূর্ত। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো গভীর মনোযোগ দিয়ে স্পটের দিকে তাকিয়ে নিজের মনেই কিছু একটা বিড়বিড় করছিলেন।
পর্তুগিজ সুপারস্টারের এই ক্ষণিকের ঠোঁট নাড়ানোর দৃশ্য কেড়ে নেয় লাখো ফুটবল ভক্তের নজর। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ঝড় তুলেছে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ। সেখানে অনেকে দাবি করছেন, পেনাল্টি শটটি নেওয়ার ঠিক আগমুহূর্তে রোনালদো আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) উচ্চারণ করেছেন!
টুইটার (এক্স) ও ইনস্টাগ্রামে ম্যাচের সেই নির্দিষ্ট ভিডিও ক্লিপ শেয়ার করে আরও দাবি করা হচ্ছে, রোনালদোকে শট নেওয়ার ঠিক আগে দুইবার ‘বিসমিল্লাহ’ বলতে দেখা যায়! ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোকে বিভিন্ন ইসলামিক সংস্কৃতির সঙ্গে মিশে যেতে দেখা গেছে। এর ধরুন অনেক রিউমারও ছড়িয়েছে নানান সময়ে। এর আগে সৌদি প্রো লিগে ফ্রি-কিক বা পেনাল্টি নেওয়ার আগে তাকে বেশ কয়েকবার এমন বিসমিল্লাহ উচ্চারণ করতে দেখা যায় বলেও গুঞ্জন ছড়ায়। তবে কখনোই রোনালদো নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। যে কারণে ওই মুহূর্তে তিনি ঠিক কী বলেছেন, সেটিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব না।
এদিন টরন্টোতে রাউন্ড অব বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর পেনাল্টি শটটি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ম্যাচটি ১-১ সমতায় ফেরান রোনালদো। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ বা নকআউট পর্বে গোলের দেখা পেলেন সিআরসেভেন। পরে গঞ্চালো রামোসের ৯৪ মিনিটের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে রোনালদোরা। পরের ধাপে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।