বিজ্ঞাপন
স্বপ্নপূরণের গল্প বলতে গিয়ে কাঁদলেন ভিনিসিউস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
বিজ্ঞাপন
মাঠে তার পরিচয় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। তবে মাঠের বাইরে পরিবারের প্রতি ভালোবাসাই যেন নতুন করে সবার সামনে তুলে ধরলেন ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র। একটি টেলিভিশন অনুষ্ঠানে দাদির ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পর জনপ্রিয় উপস্থাপক লুসিয়ানো হাকের অনুষ্ঠানে অতিথি ছিলেন ভিনিসিউস। সেখানে প্রথমে জাতীয় দল নিয়ে কথা বলেন এই ফরোয়ার্ড। তিনি জানান, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নেয়াই বর্তমান দলের লক্ষ্য।
ভিনিসিউস বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম, যারা ব্রাজিলকে আবার সবার ওপরে দেখতে চায়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা আসতে অনেক দেরি হয়ে গেছে। গত কয়েক বছরে আমরা অনেক কিছু শিখেছি। আনচেলত্তি আমাদের আত্মবিশ্বাস, স্বাধীনতা ও আশা দিয়েছেন।’
এরপর অনুষ্ঠানে দেখানো হয় তার দাদি দোনা নিলজার একটি ভিডিও বার্তা। ছোটবেলার নানা স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ভিনিসিউসের সব চিন্তাই ছিল ফুটবলকে ঘিরে। এমনকি ১৬ বছর বয়স পর্যন্ত নাতি তার সঙ্গেই একই বিছানায় ঘুমাত।
ভিডিওটি দেখার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি ভিনিসিউস। আবেগঘন কণ্ঠে ভিনি বলেন, ‘যতটা সম্ভব আমি পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। জানি, একসময় সবাইকে চলে যেতে হয়। তাই প্রতিটি মুহূর্ত আমার কাছে খুব মূল্যবান। আমার স্বপ্ন পূরণে পরিবারের সবাই অসীম ত্যাগ স্বীকার করেছেন।’
অনুষ্ঠানে আরেকটি আবেগঘন মুহূর্ত তৈরি হয় ভিনিসিউসের ছোট্ট ভক্ত সাউলোকে নিয়ে। ‘মিনি ভিনি জুনিয়র’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এই শিশুর জন্য স্বাক্ষর করা একটি জার্সি পাঠান ব্রাজিল তারকা। পাশাপাশি খুব শিগগিরই তার সঙ্গে দেখা করার প্রতিশ্রুতিও দেন তিনি।