Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের পুরো পরিবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:৫৩ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের পুরো পরিবার

বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬০  জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটার খবর পাওয়া গেছে। এই মহাবিপর্যয়ের মাঝে এক বুক আর্তনাদ আর অসহায়ত্ব নিয়ে নিজের নিখোঁজ পরিবারকে খুঁজছেন এক আর্জেন্টাইন ফুটবলার।

লুকাস ট্রেহো; কর্ডোবায় জন্ম নেওয়া ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব 'স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা'র হয়ে খেলছেন। ভূমিকম্পের পর থেকে নিজের সঙ্গী ও দুই সন্তানের কোনো খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য চেয়ে একটি আকুল আকুতি জানিয়েছেন তিনি।

গত ২৪ জুন রাতে ভেনেজুয়েলায় আঘাত হানে এই ভয়াবহ ভূমিকম্প। দুই দফায় কেঁপে ওঠা এই দুর্যোগে ব্যাপক প্রাণহানির সঙ্গে আহত হয়েছেন এক হাজারেও বেশি মানুষ। এই ভয়াবহ ট্র্যাজেডিরই অন্যতম শিকার ফুটবলার লুকাস ট্রেহো। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন ও বুকফাটা পোস্টে তিনি তাঁর সঙ্গী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান—আরন ও আইহোয়াকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন। প্লেয়া গ্রান্দে এলাকায় তাঁরা যে বহুতল ভবনে বসবাস করতেন, সেটি ধসে পড়েছে। ধসের পর থেকে এখন পর্যন্ত নিজের পরিবারের কোনো খোঁজ পাননি এই ফুটবলার।

ইনস্টাগ্রামে দেওয়া ট্রেহোর প্রতিটি শব্দে ফুটে উঠেছে তাঁর তীব্র আকুলতা আর বুকফাটা আর্তনাদ। তিনি লিখেছেন,  ‘প্লেয়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি আমার পরিবারের ব্যাপারে কিছুই জানি না। দয়া করে সবাই তাদের জন্য প্রার্থনা করুন এবং এই বার্তাটি ছড়িয়ে দিন, যদি কেউ তাদের দেখে থাকেন। আমি বিশ্বাস করতে চাই যে তারা তখন সেখানে ছিল না। দয়া করে আমার পরিবারের জন্য দোয়া করুন।’ 

ট্রেহো বেশ কয়েক বছর ধরেই ভেনেজুয়েলায় বসবাস করছেন। পেশাদার ফুটবল ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন তিনি। তবে এই মুহূর্তে যে চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তা কেবল তাঁর একার নয়; আচমকা হানা দেওয়া এই মহাবিপর্যয়ের পর একই রকম ভাগ্য আর অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে আছেন ভেনেজুয়েলার হাজার হাজার পরিবার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার