বিজ্ঞাপন
শেষপর্যন্ত মাঠেগড়াচ্ছে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ? অপেক্ষায় ভক্তরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৪২ এএম
বিজ্ঞাপন
ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আবহাওয়া। বৈরী পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমনকি ম্যাচ চলাকালীন খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড।
এখন পর্যন্ত টুর্নামেন্টের প্রথম সপ্তাহে বড় কোনো আবহাওয়াজনিত সমস্যা দেখা না গেলেও যুক্তরাষ্ট্রে জুন-জুলাই মাসকে আকস্মিক বন্যা ও বজ্রঝড়ের মৌসুম হিসেবে ধরা হয়। সেই প্রেক্ষাপটেই মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি সতর্কতা।
এর আগে, ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাক ম্যাচে বজ্রপাতের কারণে বিরতির পর খেলা প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। পরে ম্যাচটি স্থানীয় সময় রাত দেড়টায় পুনরায় শুরু হয়, যেখানে ফ্রান্স ৪-০ গোলে জয় পায়। অন্যদিকে নরওয়ে ও সেনেগাল ম্যাচে ভারী বৃষ্টিপাত হলেও খেলা চালু রাখা সম্ভব হয়েছিল।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মায়ামি এলাকায় ম্যাচ শুরুর আগে বিকেল ৫টার দিকে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৫১ শতাংশ। নির্ধারিত সূচি অনুযায়ী, স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দিতে হবে। এরপর কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা বাধ্যতামূলক। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পার হলে ম্যাচ পুনরায় শুরু করা যায় না।
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার ব্রাজিল-স্কটল্যান্ড দ্বৈরথ। বিশ্বমঞ্চে ব্রাজিল ও স্কটল্যান্ড শেষবার যখন মুখোমুখি হয়েছিল, তখন ফুটবল বিশ্ব বুঁদ হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রোমাঞ্চে। স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক লড়াইয়ে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল।
ম্যাচের শুরুতেই সিজার সাম্পাইওর গোলে সেলেসাওরা এগিয়ে গেলেও পেনাল্টি থেকে গোল করে স্কটল্যান্ডকে সমতায় ফিরিয়েছিলেন জন কলিন্স। তবে শেষ মুহূর্তে স্কটিশ ডিফেন্ডার টম বয়েডের একটি আত্মঘাতী গোল সে যাত্রায় ব্রাজিলের নাটকীয় জয় নিশ্চিত করে।
দীর্ঘ ২৮ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ ২৫ জুন আবার মুখোমুখি হচ্ছে এই দুই ফুটবল জাতি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
অতীত পরিসংখ্যান অবশ্য পুরোপুরি ব্রাজিলের পক্ষে কথা বলছে; এর আগে আন্তর্জাতিক ফুটবলে মোট ১০ বারের দেখায় ৮ বারই জিতেছে সেলেসাওরা এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে, যার অর্থ ব্রাজিলের বিপক্ষে এখনো কোনো জয়ের স্বাদ পায়নি স্কটল্যান্ড।
ভোরে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক সুযোগ রয়েছে। বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ব্রাজিল-স্কটল্যান্ডের এই গুরুত্বপূর্ণ লড়াই সরাসরি সম্প্রচার করবে। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও খেলা উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
মোবাইল ও স্মার্ট ডিভাইসে মাই রবি, টফি ও বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন ম্যাচটি। এসব প্ল্যাটফর্মে নির্ধারিত সাবস্ক্রিপশনের আওতায় বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ ছাড়া আইস্ক্রিনেও থাকছে খেলা দেখার সুযোগ।
এ ছাড়া অনলাইনভিত্তিক আরও কয়েকটি প্ল্যাটফর্ম থেকেও দেখা যাবে ম্যাচটি। স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপেও বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং সুবিধা থাকছে।
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। একদিকে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবার নকআউট পর্বে জায়গা পাকা করতে চাইবে স্কটিশরা।
তবে পরিসংখ্যান ও সম্ভাবনার বিচারে এগিয়ে রয়েছে সেলেসাওরাই। অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে জানিয়েছে, ম্যাচ ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৬ শতাংশ। বিপরীতে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ২ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১৮ দশমিক ২ শতাংশ।
গ্রুপ ‘সি’-তে ইতোমধ্যে অন্তত তৃতীয়স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। শেষ ম্যাচে একটি পয়েন্ট পেলেই নকআউটে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে স্কটিশদের। এমনকি সামান্য ব্যবধানে হারলেও অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে পরের পর্বে খেলার সুযোগ পেতে পারে দলটি।
হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে আসর শুরু করেছিল স্কটিশরা। তবে দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায় তারা। তাই শেষ ম্যাচে জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য তাদের সামনে। কিন্তু বিশ্বমঞ্চে এখন পর্যন্ত কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে জয় না পাওয়ার রেকর্ড স্কটল্যান্ডের জন্য বাড়তি চাপ হয়ে থাকতে পারে।
অন্যদিকে দুর্দান্ত অবস্থানে আছে সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেই ম্যাচে কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলের সুবাদে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় জার্মানিকে পেছনে ফেলেছে ব্রাজিল। বিশ্বকাপে তাদের মোট গোলসংখ্যা এখন ২৪১।
স্কটল্যান্ডের বিপক্ষেও ব্রাজিলের অতীত রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৯৭৪ সালের পর দুই দলের ৪ দেখায় তিনটিতেই জয় ব্রাজিলের, বিপরীতে একটি ম্যাচ ড্র হয়েছে। সবদিক বিবেচনায় কার্লো আনচেলত্তির শিষ্যরাই ম্যাচের আগে পরিষ্কার ফেবারিট।