Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

সর্বশেষ যা জানা গেলো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হওয়ার কথা ফুটবল পরাশক্তি ব্রাজিল ও স্কটল্যান্ডের। মায়ামির ঐতিহ্যবাহী হার্ড রক স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে যখন বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই মায়ামির আকাশে ঘনিয়ে এসেছে বৈরী আবহাওয়ার কালো মেঘ। তীব্র বজ্রঝড়ের আশঙ্কায় ম্যাচটি মাঠেড়ানো নিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রেফরির বাঁশি বাজার কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঠিক ওই সময়েই স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় হানা দিতে পারে প্রবল বজ্রঝড়। ফলে ম্যাচটি শুরু হতেই কেবল বিলম্ব হবে না, বরং খেলা চলাকালেও যেকোনো সময় তা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার কঠোর নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হওয়া মাত্রই খেলা স্থগিত করতে হয়। শুধু তাই নয়, শেষ বজ্রপাতের পর আকাশ শান্ত হলেও অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচটি লম্বা সময়ের জন্য ঝুলে যেতে পারে।

চলতি বিশ্বকাপেই অবশ্য এমন নাটকীয় পরিস্থিতি একবার দেখা গেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তীতে আকাশ পরিষ্কার হলে ফুটবলাররা নতুন করে ওয়ার্মআপ বা গা গরম করে মাঠে নেমেছিলেন।

আজকের ম্যাচে সম্ভাব্য এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক গণমাধ্যমকে জানিয়েছেন, ম্যাচ বিলম্ব হলে মানসিক ও কৌশলগতভাবে তা কীভাবে সামলাতে হবে, সেই বিশেষ ছক তাদের রয়েছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, তার দল মাঠের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। গ্রুপ 'সি' থেকে নকআউটের টিকিট কাটতে স্কটল্যান্ডের এই ম্যাচ থেকে অন্তত ১টি পয়েন্ট প্রয়োজন। তবে হেরে গেলেও তারা পুরোপুরি বিদায় নেবে না, সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর সমীকরণের দিকে।

অন্যদিকে, ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হলো ইনজুরির ধাক্কা সামলে সেলেসাওদের সেরা তারকা নেইমারের মাঠে ফেরার তীব্র সম্ভাবনা। নেইমার ম্যাজিক দেখার জন্য যখন কোটি চোখ আজ রাতে মায়ামির দিকে নিবদ্ধ, তখন স্কটল্যান্ড শিবিরে রয়েছে ইনজুরির ধাক্কা; এই গুরুত্বপূর্ণ ম্যাচেও তারা পাচ্ছে না নির্ভরযোগ্য ডিফেন্ডার অ্যারন হিকিকে। সব মিলিয়ে, আজ মাঠের ভেতরের ফুটবল লড়াইয়ের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির খামখেয়ালিপনা। আকাশ পরিষ্কার থাকলে দর্শকরা পাবেন এক জমজমাট ফুটবল যুদ্ধ, আর বজ্রঝড় নামলে ফুটবলার ও সমর্থকদের পোহাতে হবে দীর্ঘ অপেক্ষার প্রহর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার