Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৮ এএম

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

বিজ্ঞাপন

বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ থেকে সবার আগে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল ইরাক। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী ফরাসিরা আজকের ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করতে চায়। অন্যদিকে নরওয়ের কাছে বড় হারের পর টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে ইরাক।

ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ম্যাচে সোমবার (২২ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় ফ্রান্স ও ইরাক। বাংলাদেশ সময় অফিশিয়াল সূচি অনুযায়ী রাত ৩টায় শুরু হয় ম্যাচটি।

প্রথম ম্যাচে আফ্রিকার পরাশক্তি সেনেগালের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পায় দিদিয়ের দেশমের দল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজকের ম্যাচেই এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের।

অন্যদিকে, ১৯৮৬ সালের পর দীর্ঘ চার দশক পর বিশ্বকাপের মঞ্চে ফেরা ইরাক প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়ে। আর্লিং হালান্ডের নরওয়ের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় তারা। ফলে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে হলে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে অন্তত ড্র কিংবা অবিশ্বাস্য কোনো জয় প্রয়োজন ইরাকি লায়ন্সদের।

দলীয় দিক থেকে ফরাসি শিবিরে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আক্রমণভাগে গতি বাড়াতে তরুণ তারকা ব্র্যাডলি বারকোলাকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন কোচ দিদিয়ের দেশম।

এ ছাড়া লেফট ব্যাকে লুকাস দিনিয়ে এবং মাঝমাঠের নিয়ন্ত্রণে মানু কোনেকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এবারই প্রথম কোনো বড় মঞ্চে মুখোমুখি হলো ফ্রান্স ও ইরাক। তাই ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

তবে শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে। বিখ্যাত ক্রীড়া অ্যানালিটিক্স মাধ্যম ‘অপটা’র সুপারকম্পিউটার প্রেডিকশন অনুযায়ী, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা প্রায় ৮৮ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে ইরাকের জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।

শুধু আজকের ম্যাচেই নয়, এবারের বিশ্বকাপ জয়ের দৌড়েও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে অন্যতম ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর আশায় থাকবে ইরাক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার