বিজ্ঞাপন
মেসির ইতিহাস গড়ার দিনে চিন্তার ভাঁজ আর্জেন্টিনা শিবিরে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৩৬ এএম
বিজ্ঞাপন
শুরুতেই পেনাল্টি মিসের হতাশা, এরপর ঘুরে দাঁড়িয়ে জোড়া গোলের নতুন ইতিহাস। অধিনায়ক লিওনেল মেসির রেকর্ড গড়ার রাতে অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর চোট বড় এক ধাক্কা দিয়েছে আলবিসেলেস্তে শিবিরে।
সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসির রেকর্ড গড়া গোলের পর আর্জেন্টিনা যখন ১-০ ব্যবধানে এগিয়ে, ঠিক তখনই রক্ষণভাগের প্রাণভোমরা ক্রিশ্চিয়ান রোমেরোর চোট ম্লান করে দেয় উদযাপনের আনন্দ। লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে রক্ষণভাগের কেন্দ্রে (সেন্টার-ব্যাক) শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার প্রথম তিন মিনিটের মধ্যেই মাঠে বসে পড়েন রোমেরো। ডান হাঁটু চেপে ধরে এই ডিফেন্ডারকে বেশ কিছুক্ষণ ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপরই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে ডাগআউটে বদলি খেলোয়াড়দের বেঞ্চে বসে হাঁটুতে বরফ দিয়ে রাখতে দেখা যায় টটেনহামের এই তারকাকে।
টটেনহাম হটস্পারের হয়ে প্রিমিয়ার লিগের গত মৌসুমের শেষ ৬টি ম্যাচও এই হাঁটুর চোটের কারণেই মিস করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই পুরোনো চোটের এই নতুন পুনরাবৃত্তি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কোচ ও সমর্থকদের।
রোমেরোর পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এর আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের দিনও রোমেরোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ওতামেন্দি। তবে রোমেরো মাঠ ছাড়লেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল নিরেট। ওতামেন্দি নামার পর গোল না খাওয়ার রেকর্ডকে টানা ১১ ঘণ্টারও বেশিতে নিয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।