বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ৭১তম মিনিটে লামিনে ইয়ামালকে মাঠে নামিয়েছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। যদিও শেষ দিকে বার্সার এই তরুণ তারকার দুর্দান্ত খেলা সত্বেও কেপ ভার্দের জাল খুঁজে পায়নি শিরোপার অন্যতম প্রত্যাশী দল স্পেন।
বিশ্বকাপে টিকে থাকতে হলে সৌদি আরবের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। এ কারণে এই ম্যাচের শুরুর একাদশেই লামিনে ইয়ামালকে রেখেছেন স্পেন কোচ। সব মিলিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামাচ্ছেন দে লা ফুয়েন্তে। তরুণ উইঙ্গার ইয়ামালের প্রত্যাবর্তনে স্পেনের আক্রমণভাগ আরও ধারালো হবে বলে মনে করছেন সমর্থকরা।
কোচ স্পেনের পরিচিত বল দখলভিত্তিক কৌশলকে সামনে রেখেই দল সাজিয়েছেন। মাঝমাঠে রয়েছেন রদ্রি, পেদ্রি, দানি ওলমো ও অ্যালেক্স বায়েনার মতো সৃজনশীল ফুটবলাররা। আক্রমণভাগে ইয়ামালের সঙ্গে আছেন মিকেল ওইয়ারজাবাল, যিনি গোল করার পাশাপাশি আক্রমণ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রক্ষণে অভিজ্ঞ আইমেরিক লাপোর্তে ও তরুণ পাও কুবার্সির জুটি গড়েছেন। দুই ফুল-ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো আক্রমণেও সমান অবদান রাখার চেষ্টা করবেন। গোলপোস্টের নিচে আছেন উনাই সিমন।
অন্যদিকে সৌদি আরবও তাদের সেরা শক্তি নিয়েই মাঠে নামছে। দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইঙ্গার সালেম আল-দাওসারি। গোলবারের নিচে রয়েছেন মোহাম্মদ আল-ওয়াইজ, আর আক্রমণে ফারাস আল-বুরাইকানকে ঘিরেই আশা দেখছে মধ্যপ্রাচ্যের দেশটি।
স্পেন কাগজে-কলমে এগিয়ে থাকলেও বিশ্বকাপে সৌদি আরব আগেও বড় দলকে চমকে দিয়েছে। তাই ম্যাচটি সহজ হবে না স্প্যানিশদের জন্য।
স্পেনের একাদশ
উনাই সিমন (গোলরক্ষক), আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো, পাও কুবার্সি, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, আলেক্স বায়েনা, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারজাবাল।
সৌদি আরবের একাদশ
মোহাম্মদ আল-ওয়াইজ (গোলরক্ষক), আলি লাজামি, আবদুলেলাহ আল-আমরি, হাসান তামবাকতি, সৌদ আবদুলহামিদ, মোতেব আল-হারবি, আবদুল্লাহ আল-খাইবারি, নাসের আল-দাওসারি, মুসাব আল-জুয়াইর, সালেম আল-দাওসারি, ফারাস আল-বুরাইকান।