Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

স্কটল্যান্ডকে হারিয়েও কেন শীর্ষে উঠতে পারল না মরক্কো?

FIFA World Cup 2026 Points Table

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:১০ পিএম

স্কটল্যান্ডকে হারিয়েও কেন শীর্ষে উঠতে পারল না মরক্কো?

বিজ্ঞাপন

FIFA World Cup 2026: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নকআউটের লড়াই আরও জমে উঠল। বোস্টনের মাঠে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করেছিল মরক্কো ফুটবল দল। ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। যদিও শীর্ষস্থান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কয়েকঘণ্টার মধ্যেই সিংহাসনচ্যুত হয় তারা।

ম্যাচের আগে এক সাংবাদিক বৈঠকে মরক্কোর তারকা মিডফিল্ডার আজ্জেদিন উনাহি বলেছিলেন, “স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা ব্রাজিলের ম্যাচের চেয়েও কঠিন হবে।” সেই মন্তব্য অনেকের কাছেই বিস্ময়কর মনে হলেও ৯০ মিনিটের লড়াই শেষ হতে না হতেই আরও স্পষ্ট হয়ে গেল।

৭১ সেকেন্ডে লিড নেয় মরক্কো

খেলা শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মধ্যেই গোলের দেখা পায় মরক্কো। ডান দিক থেকে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান সাইবারি। চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত দ্রুততম গোল। এর আগে ব্রাজিলের বিরুদ্ধেও গোল করেছিলেন এই মরক্কান মিডফিল্ডার।

ফিফা র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা মরক্কো পুরো ম্যাচে বলের দখল নিজেদের কাছে রেখেছিল। প্রায় ৫৯ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেও অবশ্য তারা প্রত্যাশিত আক্রমণ করতে পারেনি। ১২ শট নিলেও মাত্র দুটো লক্ষ্যে রাখতে পেরেছে আফ্রিকার এই দলটি।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ে ৪০ নম্বরে দাঁড়িয়ে থাকা স্কটল্যান্ড রক্ষণাত্মক কৌশল নিয়েই মাঠে নেমেছিল। শারীরিক ফুটবল এবং সংগঠিত ডিফেন্সের সাহায্যে তারা মরক্কোর আক্রমণ বারবার আটকে দেয়। যদিও আক্রমণভাগে স্কটিশরা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। হাফডজন শট নেওয়া সত্ত্বেও, একটাও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে অবশ্য স্কটল্যান্ড কিছুটা ছন্দ ফিরে পায়। গোলরক্ষক অ্যাঙ্গাস গান কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। পাশাপাশি, স্কটল্যান্ডের দুটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন ম্যাচ রেফারি। যা নিয়ে শেষদিকে বেশ কিছুটা বিতর্কও তৈরি হয়।

এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-র শীর্ষে উঠে এসেছিল মরক্কো। কিন্তু, ব্রাজ়িলের জয় যাবতীয় হিসেব বদলে দিল। প্রসঙ্গত, ভারতীয় সময় অনুসারে শনিবার সকাল ৬টা থেকে হাইতির বিরুদ্ধে খেলতে নেমেছিল সাম্বা ব্রিগেড। এই ম্য়াচে সেলেকাওরা ৩-০ গোলে জয়লাভ করেছে। চলতি টুর্নামেন্টে এটা ব্রাজিলের প্রথম জয়। আর এই জয়ের কারণে তাদের ঝুলিতেও ৪ পয়েন্ট জমা হয়েছে। এই পরিস্থিতিতে গোল পার্থক্যে ব্রাজিল (+৪) পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে। এবং মরক্কো (+২) নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার