বিজ্ঞাপন
মেসির বাবা অসুস্থ, পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:১১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র জাতীয় দলের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো আর্জেন্টিনা দল ও লিওনেল মেসির বিশ্বকাপের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন।
মেসির বাবা হোর্হে মেসি বেশ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন। এমন সময়ে মেসির পরিবার একটি বিবৃতিও জানিয়েছেন। মেসির পারিবারিক পরিস্থিতি নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমি আমার সব সমর্থন পাঠাতে চাই, কারণ সে কঠিন একটা পারিবারিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্যারিসে থাকার সময় থেকে আমি তাকে এবং তার পরিবারকে চিনি। আমি তার পরিবারের জন্য আমার শুভকামনা পাঠাতে চাই।’
নিজের জাতীয়তা নিয়ে কথা বলতে গিয়ে পচেত্তিনো বলেন, ‘আমি আর্জেন্টাইন। আর্জেন্টিনার পারফরম্যান্স আমি সত্যিই উপভোগ করেছি। কিন্তু আমি যুক্তরাষ্ট্রের জন্য আমার জীবন দিয়ে দেব।’
মেসি প্রথম ম্যাচে করেছেন ৩ গোল। বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিকের পর তাকে নিয়ে পচেত্তিনো বলেন, ‘মেসিকে বর্ণনা করা কঠিন। ছয়টি বিশ্বকাপ খেলেছে সে, আর বিভিন্ন ক্লাবে তার ক্যারিয়ারে যা অর্জন করেছে। সে সবার সেরা। তার হ্যাটট্রিক করা দেখাটা ছিল অসাধারণ।’
আর্জেন্টিনা দল নিয়ে পচেত্তিনো বলেন, ‘আর্জেন্টিনা একটা অসাধারণ দল। চার বছর আগে তারা বিশ্বকাপ জিতেছে। অনেক খেলোয়াড়ই কাতারের বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য। এই বিশ্বকাপে কোচও সবার সেরা, আর তার স্টাফদেরও আমি খুব ভালোভাবে চিনি। দর্শকরাও অসাধারণ। আর তার ওপর “চেরি” হলো মেসি। তাদের বিপক্ষে খেলাটা কঠিন একটা কাজ।’