Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

হ্যাটট্রিকের পর যে বার্তা দিলেন মেসির স্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:০৬ পিএম

হ্যাটট্রিকের পর যে বার্তা দিলেন মেসির স্ত্রী

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। স্বামীর এমন অর্জন এবং আর্জেন্টিনার জয়ের পর নিজের আবেগ ও উত্তেজনা ধরে রাখতে পারেননি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘তুমি অবিশ্বাস্য!!’

আন্তোনেলা রোকুজ্জো এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এবং সন্তানদের সঙ্গে মেসির কিছু ছবি পোস্ট করেন। সেখানে স্প্যানিশ ভাষায় তিনি লেখেন, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা!!!! সবসময় তোমার পাশে আছি @leomessi!!!! তুমি অবিশ্বাস্য!!’

রোকুজ্জোর এই পোস্টের পর মেসির এই কৃতিত্ব উদযাপনে মেতে ওঠেন ভক্তরাও। কমেন্ট বক্সে তারা নিজেদের আনন্দ প্রকাশ করেন।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘নিশ্চিত, মেসি সত্যি অবিশ্বাস্য।’ অন্য একজন লিখেছেন, ‘লিও যা করেছে তা অবিশ্বাস্য।’ ভক্তদের একজন তো মেসিকে সরাসরি ‘সর্বশ্রেষ্ঠ’ বলেই আখ্যা দিয়েছেন। পাশাপাশি অনেকেই মেসির অন্যতম সেরা সমর্থক হিসেবে সবসময় পাশে থাকার জন্য রোকুজ্জো এবং সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক লিখেছেন, ‘সবসময় বিপদে-আপদে পাশে থাকা। প্রত্যেক মহান পুরুষের পাশে সবসময় একজন রানী থাকেন।’ অন্য একজন লিখেছেন, ‘যিনি সবসময় সমর্থন করেন। সবকিছুর জন্য ধন্যবাদ আন্তো!!’ আরেকজন সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সেরা সমর্থন।’

বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার গোল করতে মোটেও বেশি সময় লাগেনি। ম্যাচের ঠিক ১৭তম মিনিটে ইন্টার মিয়ামি সতীর্থ রদ্রিগো ডি পলের একটি অসাধারণ অ্যাসিস্ট থেকে বল জালের ঠিকানায় পাঠান মেসি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে মেসি আরও দুটি গোল যোগ করেন। মেসির এই হ্যাটট্রিক আর্জেন্টিনাকে গ্রুপ ‘জে’-এর শীর্ষে থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে দিল।

এই প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের মাধ্যমে ৩৮ বছর বয়সী মেসি নিজেকে এই প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে নিয়ে গেছেন। এই ম্যাচে মাঠে নামার আগে তিনি ১৩টি গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে যৌথভাবে ছিলেন। তার সামনে ছিলেন গের্ড মুলার ও কিলিয়ান এমবাপ্পে (১৪ গোল), রোনালদো (১৫ গোল) এবং মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল)। বর্তমানে ১৬ গোল নিয়ে মেসি জার্মানির কিংবদন্তি ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।

স্বাভাবিকভাবে টুর্নামেন্ট যত সামনে এগোবে, এই রেকর্ডটি একচ্ছত্রভাবে নিজের করে নেওয়ার এক দারুণ সুযোগ রয়েছে মেসির সামনে।

গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে সোমবার (২২ জুন) আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এটা নিশ্চিত, ভক্তরা আবারও রোকুজ্জো এবং তার সন্তানদের গ্যালারিতে উপস্থিত থেকে মেসিকে উৎসাহ দিতে দেখতে পাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার