বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে শুভ সূচনা করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু হয়েছে গ্রুপ ‘জে’-এর এই রোমাঞ্চকর ম্যাচ। আলজেরিয়ার মুখোমুখি হয়ে মাঠে নেমেই ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে তিনি তুলে নিলেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের এক অবিস্মরণীয় কীর্তি। শেষ পর্যন্ত আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যে এক চরম উত্তেজনাপূর্ণ লড়াই দেখা যায়। খেলার মাত্র পাঁচ মিনিটেই আলজেরিয়ার জালে বল পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্যাপন থেমে যায়। এরপর আলজেরিয়ারও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন মেসি। মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি ছিল জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই ১-০ ব্যবধানে বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটের মাথায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। ধারাভাষ্যকারেরা চিৎকার করে ওঠেন, 'আবারও মেসি মোমেন্ট! ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।' অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি। এটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসা।
এর আগে ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের শট দারুণভাবে ঠেকিয়ে দিয়েছিলেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ঠিক একই সময়ে দলে আরও দুটি পরিবর্তন আনলেন স্কালোনি। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। একই সময়ে থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।
ম্যাচের ৬৬ মিনিটে আবারও আক্রমণ চালান মেসি। তবে মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করলেন লুকা জিদান। মেসির দ্বিতীয় গোলটিতে ভুল করেছিলেন আলজেরিয়ান গোলরক্ষক। তবে একটু পর পুষিয়ে দিলেন সেটি। ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন জিনেদিন জিদান–পুত্র।
কিন্তু ম্যাচের ৭৬ মিনিটে আলজেরিয়ার সব প্রতিরোধ ভেঙে চূর্ণ হয়ে যায়। নিকো গঞ্জালেজের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে বল আলজেরিয়ার জালের নিচের বাঁ দিকের কোণায় জড়িয়ে দিলেন লিওনেল মেসি। এর সঙ্গেই পূর্ণ হলো আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের মহাকাব্যিক লিড এবং মেসির সেই আরাধ্য কীর্তি।
ম্যাচের এই জাদুকরী মুহূর্তের পর ফুটবল বিশ্ব উল্লাসে ফেটে পড়ে এবং সংবাদমাধ্যমে প্রচার করা হয়, 'বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক! নিজের ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপকে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি!' আর এই অবিস্মরণীয় হ্যাটট্রিকের মধ্য দিয়েই বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি।