Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপে ভাইরাল উদি নেকো, তুরস্কের রহস্যময় সমর্থককে ঘিরে আলোচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:১০ এএম

বিশ্বকাপে ভাইরাল উদি নেকো, তুরস্কের রহস্যময় সমর্থককে ঘিরে আলোচনা

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফুটবলে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারির বিচিত্র সব সমর্থকরাও প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এবারের আসরেও ব্যতিক্রম হয়নি। নানা রকম পোশাক, সাজসজ্জা ও অভিনব উপস্থিতির মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছেন তুরস্কের এক সমর্থক, যিনি ‘উদি নেকো’ নামে পরিচিতি পেয়েছেন।

গত রোববার (১৪ জুন) ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ও তুরস্কের ‘গ্রুপ ডি’ ম্যাচ চলাকালে গ্যালারিতে ক্যামেরায় ধরা পড়েন এই সমর্থক। তার অদ্ভুত সাজসজ্জা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ইন্টারনেটে ‘উদি নেকো’ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম নেজদেত ওলচারম্যান। হাঙ্গেরিয়ান সংবাদমাধ্যম তেলেক্সের তথ্য অনুযায়ী, তিনি তুরস্কের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বেসিকতাস এবং জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। 

প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তিনি নিজের চেহারায় এনেছেন ব্যতিক্রমী পরিবর্তন। বেসিকতাসের কালো-সাদা রঙকে ধারণ করতে নেজদেত তার পুরো মুখ কালো রঙে রাঙিয়েছেন। অন্যদিকে চুল ও দাড়ি সাদা রঙে রাঙিয়ে তৈরি করেছেন এক অনন্য চেহারা। এই ব্যতিক্রমী রূপের কারণেই স্টেডিয়ামের হাজারো দর্শকের মাঝেও তাকে সহজেই আলাদা করে চেনা যায়।

জানা গেছে, নেজদেত ওলচারম্যানের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয়ও রয়েছে। তিনি তুরস্কের জাতীয় সামরিক আইন-প্রয়োগকারী বাহিনী তুর্কি জেন্ডারমেরির সাবেক সদস্য।

যদিও গ্যালারিতে ‘উদি নেকো’ ছিলেন আলোচনার কেন্দ্রে, মাঠের খেলায় তুরস্কের জন্য দিনটি সুখকর ছিল না। তরুণ তারকা আরদা গুলারকে ঘিরে সমর্থকদের বড় প্রত্যাশা থাকলেও ম্যাচে ২-০ গোলের পরাজয় বরণ করতে হয়েছে তুর্কিদের।

পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার শক্ত রক্ষণভাগ ভেদ করতে পারেনি তুরস্ক। উল্টো ২৭তম মিনিটে অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী ফুটবলার নেস্টোরি ইরানকুন্ডা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। পরে মোহাম্মদ তুরে আরও একটি গোল করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন।

প্রথম ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ শুরু করায় এখন তুরস্কের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আর মাঠের বাইরের আলোচনায় ‘উদি নেকো’ পরবর্তী ম্যাচে নতুন কোনো চমক নিয়ে হাজির হন কি না, সেদিকেও নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার