বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফিফা র্যাঙ্কিংয়ে পাশাপাশি থাকলেও মরক্কোর সঙ্গে ব্রাজিল যে এমন ছন্নছাড়া পারফরম্যান্স করবে, তা হয়তো কল্পনাতেও ছিল না। বিশ্বকাপ অভিষেকে কার্লো আনচেলত্তির কৌশল সুবিধা করতে পারেনি। মরক্কোর সঙ্গে ঘাম ছুটেছে ব্রাজিলের। ম্যাচটি হয়েছে ১-১ গোলে ড্র।
এমন পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতে না পারলে ব্রাজিলের ২৪ বছরের ট্রফি খরা যে কাটবে না, তা বলে দেওয়া যায়। গ্রুপ পর্বে পরের দুটি ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের মতো সহজ প্রতিপক্ষের সঙ্গে। প্রথম ম্যাচের ভুল শুধরে নিতে না পারলে পরের দুটি খেলাতেও যে ব্রাজিল অঘটনের শিকার হবে না তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। টুর্নামেন্টে বহুদূর যেতে চাইলে ট্যাকটিক্যাল বোর্ডে আনচেলত্তিকে দ্রুত কিছু বড় পরিবর্তন আনতে হবে।
প্রথমত, মরক্কো ম্যাচে ব্রাজিলের আক্রমণে যে ধারহীনতা ছিল, তা দূর করতে নেইমারের দ্রুত প্রত্যাবর্তন জরুরি। তিনি মাঠে ফিরলে দলের আক্রমণভাগে বৈচিত্র্য আসবে এবং ফাইনাল থার্ডে পাসিংয়ের যে ঘাটতি ছিল, তা-ও পূরণ হবে।
দ্বিতীয়ত, মাঝমাঠের পুনর্গঠন। কাসেমিরোর অফ-ফর্ম ও বয়সের ছাপ এখন স্পষ্ট। মাঝমাঠের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার কারণেই রক্ষণে বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই দুর্বলতা ঢাকতে ব্রুনো গুইমারায়েস ও ফাবিনহোর নতুন রসায়ন অথবা মাঝমাঠের অন্য কোনো কার্যকরী বিকল্প নিয়ে ভাবতে হবে আনচেলত্তিকে।
তৃতীয়ত, আরেকটি পরিবর্তন আনা যেতে পারে ভিনিসিয়ুসের ওপর চাপ কমিয়ে। তিনি তার ব্যক্তিগত নৈপুণ্যে হয়তো এক-দুটি ম্যাচ জেতাতে পারবেন, কিন্তু একা ট্রফি জেতানো তার জন্য অসম্ভব। হেক্সা মিশনের স্বপ্ন সফল করতে হলে রাফিনিয়া, পাকেতা ও কুনিয়াদের নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসে ছন্দে ফিরতে হবে।
চতুর্থত, পরের ম্যাচগুলোতে জেতার সহজ সুযোগ রয়েছে ব্রাজিলের। গ্রুপ 'সি' তে তাদের পরবর্তী প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হাইতি। প্রায় ১০ বছর আগে কোপা আমেরিকায় সাত গোল দেওয়া দলটির বিপক্ষে ২০ জুন ফিলাডেলফিয়াতে খেলবে সেলেসাওরা। শেষ ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। গ্রুপ পর্ব পার করা ব্রাজিলের জন্য খুব একটা কঠিন হবে না। তবে তার আগে দলের বোঝাপড়া বাড়ানো ও আমেরিকার তীব্র গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ।
গ্রুপ পর্বের বাধা টপকানো সহজ হলেও আসল পরীক্ষা শুরু হবে নকআউটে। প্রথম ম্যাচের ভুলগুলো দ্রুত সংশোধন করতে না পারলে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন বা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর সামনে ব্রাজিলের বিদায়ঘণ্টা বেজে যেতে পারে।