Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপ খেলতে গিয়ে বড় বিপদে মেসিসহ পুরো আর্জেন্টিনা দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:২০ পিএম

বিশ্বকাপ খেলতে গিয়ে বড় বিপদে মেসিসহ পুরো আর্জেন্টিনা দল

বিজ্ঞাপন

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয় দিয়ে মাঠের প্রস্তুতিটা দারুণভাবেই সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের সেই জয়ের আনন্দের মাঝেই মাঠের বাইরে এক বিশাল বড় ধাক্কা খেয়েছে আলবিসেলেস্তেরা। এক মারাত্মক নিরাপত্তা ত্রুটির কারণে ফাঁস হয়ে গেছে অধিনায়ক লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টাইন স্কোয়াডের ফুটবলারদের পাসপোর্টের অত্যন্ত সংবেদনশীল তথ্য।

বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুন) সকালে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যকার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ম্যাচের আগে স্টেডিয়াম কর্তৃপক্ষ বা আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে খেলোয়াড়দের যে তালিকা বিতরণ করা হয়েছিল, সেখানেই ছিল এই বিপত্তি।

সাধারণত ম্যাচ অফিশিয়াল বা গণমাধ্যমের জন্য খেলোয়াড়দের তালিকায় পাসপোর্ট নম্বর থাকলে, তা জনসাধারণের সামনে প্রকাশের আগে ঝাপসা বা মুছে দেওয়ার নিয়ম থাকে। কিন্তু আয়োজকদের গাফিলতিতে কোনো রকম নিরাপত্তা ফিল্টার ছাড়াই হুবহু সেই তালিকা বিতরণ করা হয়, যার ফলে মেসিসহ পুরো দলের পাসপোর্ট নম্বর ও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়।

এই গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা ম্যাচ আয়োজকদের আনুষ্ঠানিক মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

মাঠের বাইরের এই অস্বস্তিকর ঘটনার মধ্যেও মাঠের পারফরম্যান্সে অবশ্য তার কোনো প্রভাব পড়তে দেয়নি লিওনেল স্কালোনির দল। আলাবামায় ৮৮ হাজারেরও বেশি দর্শকের সামনে আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধেই তরুন ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কোর দুর্দান্ত গোলে লিড নেয় আর্জেন্টিনা। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। ম্যাচের শেষভাগে থিয়েগো আলমাদার চমৎকার ফিনিশিংয়ে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকেও হারিয়েছিল তারা।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতেই পর্দা উঠছে বিশ্বকাপের ২৩তম আসরের। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মূল মিশন শুরু হবে আগামী বুধবার সকালে। নিজেদের প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়া। তবে মাঠের লড়াই শুরুর আগে এই পাসপোর্ট তথ্য ফাঁসের ঘটনা আর্জেন্টিনা দলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগের জন্ম দিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার