Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনাকে হারানো কঠিন, চ্যালেঞ্জ মেসির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

আর্জেন্টিনাকে হারানো কঠিন, চ্যালেঞ্জ মেসির

বিজ্ঞাপন

চোটের শঙ্কা কাটিয়ে মাঠে ফিরলেন, গোলও করলেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর ঠিক আগে দিয়ে আর্জেন্টিনার জন্য এর চেয়ে স্বস্তির খবর আর কী হতে পারে! আইসল্যান্ডকে ৩-০ গোলে হারানো প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছেন মেসি। ম্যাচ শেষে তিনি বললেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো সহজ নয়।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠের আগে এই জয়কে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে আর্জেন্টিনা। সেই জয়ের পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, দলটি আগের মতোই ক্ষুধার্ত এবং শিরোপার জন্য লড়তে প্রস্তুত।

সহজ জয়ের পর শুরুতে নিজের শারীরিক অবস্থার কথা জানান আর্জেন্টিনা অধিনায়ক।

“অনেক দিন ধরেই মাঠে নামার অপেক্ষায় ছিলাম। এখানে আসার পর থেকে কিছুটা অস্বস্তি ছিল। তবে এখন ভালো লাগছে। মাঠে নেমে ভয় কাটাতে চেয়েছিলাম, স্বাধীনভাবে খেলতে চেয়েছিলাম। বিশ্বকাপ শুরুর আগে সবার পুরোপুরি প্রস্তুত হওয়ার জন্য আমাদের হাতে আর এক সপ্তাহ সময় আছে।’

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নে মেসি জানান তার দলের লক্ষ্য সবসময়ই বড়।

“প্রতিটি টুর্নামেন্ট শুরুর সময় আমরা রোমাঞ্চিত থাকি, বিশ্বকাপ হলে তো কথাই নেই। এই দল কখনও আমাদের হতাশ করেনি। তারা সব সময় দেখিয়েছে, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য তাদের আছে। এটি এমন একটি দল, যারা সব সময় আরও বেশি কিছু চায়।”

এসময় অনেক কথার ভিড়ে প্রতিপক্ষের জন্য এক ধরনের চ্যালেঞ্জও জানিয়ে রাখেন মেসি।

“বিশ্বকাপ জিতব কি না, সেটা সময়ই বলবে। তবে এটুকু বলতে পারি, আমাদের হারানো কোনো দলের জন্যই সহজ হবে না। কারণ আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল।”

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সমর্থকদের উদ্দেশে মেসি দেন বিশেষ বার্তা।

“এই দলটি যা পাচ্ছে, তা তাদের প্রাপ্য। আমরা আবারও চেষ্টা করব, যেমনটা সব সময় করেছি। মানুষ নিশ্চিত থাকতে পারে, আমরা সর্বোচ্চটা উজাড় করে দেব। সাফল্য সব সময় আসে না, তবে সাম্প্রতিক বছরগুলোতে আমরা ভালো ফল পেয়েছি। কাজটা কঠিন, এবং প্রতিবারই আরও কঠিন হচ্ছে। তবু আমরা চেষ্টা চালিয়ে যাব।”

আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ৬৯ মিনিটে মাঠে নামেন মেসি। আর মাত্র ১১৯ সেকেন্ড পরই পেনাল্টি থেকে গোল করে নিজের উপস্থিতি জানান দেন। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ১১৭তম গোল।

এই গোলের মাধ্যমে নতুন একটি রেকর্ডও গড়েছেন মেসি। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে তিনি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। এত দিন রেকর্ডটি ছিল কিংবদন্তি অ্যাঞ্জেল লাবরুনার দখলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার