Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৩ এএম

আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’

বিজ্ঞাপন

আর্জেন্টিনার জার্সি পরে আসলে ক্লায়েন্টদের ৫০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেন আইনজীবী মিঠুন শাহা। তবে সম্প্রতি তার এমন ঘোষণাই যেন কাল হয়েছে এই আইনজীবীর। বার কাউন্সিল কর্তৃক প্রণীত ‘ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুয়েট’ লঙ্ঘনের দায়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। সেই সঙ্গে শোকজ নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে কেন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার আইনজীবী সনদ স্থগিত করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (৭ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের (জেলা ও দায়রা জজ) সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সইয়ে শোকজ নোটিশটি আইনজীবী মিঠুন শাহাকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংযুক্ত ছবিতে দেখা যায় যে, আপনি আইনজীবীর পেশাগত পোশাকের পরিবর্তে ভিন্ন একটি রাষ্ট্র আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইন সেবা প্রদান করছেন এবং একইসঙ্গে ক্লায়েন্টদের জন্য আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আর্জেন্টিনা দলের জার্সি পরে আইনি সেবা নিতে আসলেই অর্ধেক ফি নেয়ার বিশেষ অফার ঘোষণা করেছেন। এই আচরণ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত ‘ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুয়েট’ এর সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষত, আইনজীবীর পেশাগত আচরণ সর্বদা শৃঙ্খলাপূর্ণ হতে হবে এবং আইনি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার বাণিজ্যিক অফার বা প্রচারণা আইনজীবীর মর্যাদা ও আচরণের পরিপন্থি।’

শোকজ নোটিশে আরও বলা হয়েছে, ‘আপনার এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং জনসাধারণের আস্থা নষ্ট করেছে। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ইতোপূর্বে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আপনাকে বারবার সতর্ক করার পরও আপনি এহেন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন যাতে করে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

এই অবস্থায় এমন কর্মকাণ্ড চলমান রাখায় কেন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মিঠুন শাহার আইনজীবী সনদ স্থগিত করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৭ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার