বিজ্ঞাপন
মেসি-কেইনদের ক্যাম্পের কাছে গোলাগুলি! তবে কি ঝুঁকিতে বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:২৪ এএম
বিজ্ঞাপন
ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এর মাঝেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গোলাগুলি হয়েছে। যার খুব কাছে ইংল্যান্ড দলের বেস ক্যাম্প। এই ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এই শহরে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচও হওয়ার কথা রয়েছে। ঘটনার পর শহরটিতে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ভোররাত প্রায় ৪টার দিকে (স্থানীয় সময়) গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ট্রুস্ট অ্যাভিনিউতে, যা ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্প থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। ট্রুস্ট অ্যাভিনিউ কানসাস সিটির অন্যতম ব্যস্ত সড়ক।
আসন্ন টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি নিতে কানসাস সিটিতে কেবল ইংল্যান্ডই নয়। বরং আর্জেন্টিনা, নেদারল্যান্ডস এবং আলজেরিয়াও তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে। ফলে দলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, আহত ৯ জনকেই নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বর্তমান অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিক রিপোর্টে জানা গেছে যে কারও আঘাতই আশঙ্কাজনক নয়।
কর্তৃপক্ষ গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু করেছে এবং জানিয়েছে যে বিশ্বকাপ চলাকালীন এই অঞ্চলে অবস্থানরত সমস্ত জাতীয় দলের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে।