Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫৩ এএম

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

বিজ্ঞাপন

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আরেকটি জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধে হন্ডুরাসকে প্রায় নিজেদের অর্ধেই আটকে রাখে আলবিসেলেস্তেরা।

ম্যাচের প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর পায়ে। দূরপাল্লার তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। সেই আক্রমণ থেকেই আসে প্রথম গোলের সুযোগ।

লো সেলসোর সেই শট ক্রসবারে লেগে ফিরে আসলে সেই বল সংগ্রহ করে বক্সে ঢুকতে গেলে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক নিতে আসেন লাউতারো মার্তিনেজ। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপালেও নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। গোলের পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা।

লো সেলসো, লাউতারো এবং থিয়াগো আলমাদারা আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে। পরবর্তীতে আরো কয়েকজনকে সুযোগ দেন তিনি।

ম্যাচের ৫৫ মিনিটে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। বক্সের ভেতরে বল পেয়ে লাউতারো মার্তিনেজ অসাধারণ এক ব্যাকহিল পাস দেন। সেই পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান জুলিয়ানো সিমিওনে। তরুণ এই ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয় গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে দক্ষিণ আমেরিকার দলটি। স্কালোনি এরপর ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হোসে ম্যানুয়েল লোপেজসহ আরো কয়েকজন খেলোয়াড়কে মাঠে নামান। গোলরক্ষক হুয়ান মুসোর পরিবর্তেও সুযোগ দেওয়া হয় নতুন মুখদের।

তবে সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কোচ স্কালোনি আগেই জানিয়েছেন, মেসি এখন দলের সঙ্গে আংশিক অনুশীলন করছেন এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।

হন্ডুরাসের বিপক্ষে জয় পাওয়ায় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরো বেড়েছে আর্জেন্টিনার। এখন তাদের সামনে রয়েছে আরেকটি প্রস্তুতি ম্যাচ। শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার