বিজ্ঞাপন
ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
বিজ্ঞাপন
দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল আবারও জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে তাঁর এই ফিরে আসা ক্যারিয়ারে এক নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে। তবে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মনে করেন, ফুটবল ইতিহাসে নিজের জায়গা অনেক আগেই তৈরি করে নিয়েছেন।
ব্রাজিলের জার্সিতে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে খেলেছেন নেইমার। এরপর চোট, ফিটনেস আর ফর্ম সবমিলিয়ে সেলেসাও দলে খেলা হয়নি এই তারকার। ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন এই তারকা। তবে এখনো অধরা রয়ে গেছে বিশ্বকাপ ট্রফিটা।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিজের ফুটবল যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেন, ‘আমি মনে করি, ফুটবলে আমার লিগ্যাসি আগেই তৈরি হয়ে গেছে। এখন যখনই মানুষ ফুটবল নিয়ে কথা বলবে, কোনো না কোনোভাবে তারা আমাকে মনে রাখবেই। তাই ফুটবল ইতিহাসে নিজের নাম খোদাই করতে পেরে এবং ইতিহাস গড়তে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একদিন আমার সন্তান ও নাতি-নাতনিদের বলতে পারব যে, আমি আমার দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কাজ করেছি।‘
ফুটবল বিশ্বে ঠিক কী হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চান—এমন প্রশ্নের জবাবে সহজ ও সোজাসাপ্টা উত্তর দিয়েছেন ব্রাজিলের এই পোস্টার বয়। নেইমার বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে মাঠের ভেতর সবসময় নিজের আসল রূপটা ধরে রেখেছে। যখনই মাঠে নেমেছি, নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলেছি। এটা শুধু সান্তোস, বার্সেলোনা, পিএসজি কিংবা আল হিলালের জন্যই নয়, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আমি সবসময় আমার সেরাটা দিয়েছি।‘
ব্রাজিল দলে ফিরলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত মাসে দলে জায়গা পাওয়ার পরেই অনুশীলনের সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান। এই চোটের কারণে খেলতে পারেননি পানামার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। আজ ভোরে মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাঠে দেখা যাবে না নেইমারকে।
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিতো শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে ব্রাজিল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।