বিজ্ঞাপন
ব্রাজিলের পক্ষে ভবিষ্যদ্বাণী করল অ্যাকুয়ারিয়ামের হাঙর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৯ এএম
বিজ্ঞাপন
বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে ঘিরে এসেছে এক অদ্ভুত কিন্তু আলোচিত ভবিষ্যদ্বাণী। এবার কোনো ফুটবল বিশ্লেষক বা সাবেক তারকা নয়, বরং রিও ডি জেনেইরোর একটি অ্যাকুয়ারিয়ামের হাঙর দিয়েছে এই ইঙ্গিত।
রিওর বিখ্যাত ‘অ্যাকুয়ারিও’তে থাকা স্ত্রী হাঙর রিতিনহা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে জয় দেখিয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ মরক্কো।
বুধবার (৩ জুন) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রিতিনহার সামনে রাখা হয় দুটি ক্যান। একটিতে লেখা ছিল ‘ব্রাজিল’ অন্যটিতে ‘মরক্কো’। উপস্থিত দর্শকদের সামনে হাঙরটি বেছে নেয় ব্রাজিল লেখা ক্যানটি। এতে মুহূর্তেই দর্শকদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস ও আনন্দ।
যদিও এমন ভবিষ্যদ্বাণীকে কেউই বৈজ্ঞানিকভাবে গ্রহণ করেন না, তবুও বড় টুর্নামেন্টের আগে প্রাণীদের মাধ্যমে ফল অনুমানের ঘটনা ফুটবল বিশ্বে নতুন নয়। বিশ্বকাপ ও ইউরোর মতো আসরে এসব আয়োজন সাধারণত সমর্থকদের বিনোদনের অংশ হিসেবেই দেখা হয়।
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে নামছে। পাঁচবারের বিশ্বজয়ী দল হওয়ায় তাদের নিয়ে প্রত্যাশা সব সময়ই বেশি। অন্যদিকে মরক্কো সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে শক্ত অবস্থান তৈরি করেছে।
তাই দুই দলের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। এর মাঝেই রিওর হাঙরের এই ‘পছন্দ’ ব্রাজিল সমর্থকদের জন্য এনে দিয়েছে বাড়তি আনন্দ ও আশা।