বিজ্ঞাপন
৩ বার সঠিক ভবিষ্যদ্বাণী দেয়া অর্থনীতিবিদের চোখে এবার জিতবে যারা
বিশ্বকাপ শিরোপা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৩১ এএম
বিজ্ঞাপন
একটি পূর্বাভাস মডেল ব্যবহার করে গত তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল সঠিকভাবে অনুমান করেছিলেন এক জার্মান অর্থনীতিবিদ। এবারও তেমন ভবিষ্যদ্বাণী দিলেন তিনি। তার দাবি, আগামী পুরুষদের ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতবে নেদারল্যান্ডস। তিনবার ফাইনালে উঠেও বিশ্বকাপ জেতা হয়নি ডাচদের। প্রতিবেদন এএস স্পোর্টসের।
‘মজার ছলে শুরু, কিন্তু মিলেছে টানা তিনবার’
জোয়াকিম ক্লেমেন্ট নামের প্যানমিউর লিবারিয়াম ইনভেস্টমেন্ট ব্যাংকের ওই কর্মকর্তা ২০১৪ সালে প্রথম এই মডেল তৈরি করেন। তখন তার উদ্দেশ্য ছিল অর্থনীতিবিদদের ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’ নিয়ে রসিকতা করা।
তবে সেই মডেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ীই ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা শিরোপা জেতে। সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লেমেন্ট বলেন, ‘সবকিছু শুরু হয়েছিল নিছক মজার ছলে। আমি দেখাতে চেয়েছিলাম অর্থনীতিবিদরা সবকিছুই ভবিষ্যদ্বাণী করতে চায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি টানা তিনবার ঠিক বলে ফেলেছি!’
ক্লেমেন্টের মডেল কেবল ফুটবল দক্ষতার ওপর নির্ভর করে না। এতে অর্থনৈতিক, ভৌগোলিক, জনসংখ্যাগত এবং ক্রীড়াসংশ্লিষ্ট নানা তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা হয়।
মূল বিবেচ্য বিষয়গুলো হলো:
১. মাথাপিছু জিডিপি (জিডিপি)
একটি দেশের আর্থিক সক্ষমতা গুরুত্বপূর্ণ। উন্নত অবকাঠামো, একাডেমি ও প্রশিক্ষণ সুবিধা তৈরিতে অর্থের প্রয়োজন হয়। তবে অতিরিক্ত ধনী দেশেও সমস্যা হতে পারে। ক্লেমেন্টের ভাষায়, ‘খুব ধনী দেশের শিশুরা ফুটবলের বদলে অন্য খেলা বা ভিডিও গেমে ঝুঁকতে পারে।’
২. জনসংখ্যা
বড় জনসংখ্যা মানে বড় প্রতিভার ভাণ্ডার। তবে ফুটবলকে জনপ্রিয় খেলাও হতে হবে।
৩. আবহাওয়া
গড় তাপমাত্রাকেও গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। ক্লেমেন্টের মতে, ফুটবলের জন্য আদর্শ গড় তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়া খেলোয়াড় তৈরিতে বাধা হতে পারে।
৪. স্বাগতিক সুবিধা ও ফিফা র্যাঙ্কিং
নিজেদের দেশে খেললে দর্শক সমর্থন বাড়তি সুবিধা দেয়। পাশাপাশি ফিফা র্যাঙ্কিং দলটির সাম্প্রতিক পারফরম্যান্স ও মান সম্পর্কে ধারণা দেয়।
কেন এগিয়ে নেদারল্যান্ডস?
ক্লেমেন্টের বিশ্লেষণে নেদারল্যান্ডসের পক্ষে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:
জনসংখ্যা: ১ কোটি ৮৪ লাখ
ফুটবল: অত্যন্ত জনপ্রিয়
গড় তাপমাত্রা: ১০.৫° সেলসিয়াস
মাথাপিছু জিডিপি: ৭৭ হাজার ডলার
ফিফা র্যাঙ্কিং: ৭
সাম্প্রতিক ফর্ম: মার্চ ২০২৫ থেকে অপরাজিত
তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ সালের ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হবে পর্তুগাল।
ভাগ্যের ভূমিকা সবচেয়ে বড়?
ক্লেমেন্টের মতে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ‘ভাগ্য’ বিশাল প্রভাব ফেলে। তার হিসাব অনুযায়ী, মোট ফলাফলের প্রায় ৪৫ শতাংশই নির্ভর করে সৌভাগ্যের ওপর। তিনি বলেন, ‘নেদারল্যান্ডস ও পর্তুগালের মধ্যে গুণগত পার্থক্য খুবই কম। তাই সামান্য ভাগ্যও ম্যাচের ফল ঘুরিয়ে দিতে পারে।’
বাজিকররা কী বলছে?
যদিও ক্লেমেন্ট নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন, তবুও বাজিকরদের চোখে তারা এখনও অষ্টম ফেভারিট।
বর্তমান বাজির হিসাব অনুযায়ী এগিয়ে রয়েছে (যথাক্রমে):
স্পেন
ফ্রান্স
ইংল্যান্ড
ব্রাজিল
আর্জেন্টিনা
পর্তুগাল
জার্মানি
নেদারল্যান্ডস
পলিমার্কেটের পূর্বাভাসেও নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের সূচি
গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া।
সূচি:
১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান
২০ জুন: নেদারল্যান্ডস বনাম সুইডেন
২৫ জুন: তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস