বিজ্ঞাপন
আর্জেন্টিনা বধের নায়কদের নিয়েই বিশ্বকাপের দল গড়ল সৌদি আরব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৪৯ এএম
বিজ্ঞাপন
২০২২ সালে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও সেই ‘জায়ান্ট বধের’ ধারা বজায় রাখতে মরিয়া মধ্যপ্রাচ্যের এই দেশটি। সেই লক্ষ্যেই আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়কদের বড় অংশকে দলে রেখে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সৌদি আরব।
দলের বর্তমান গ্রীক কোচ জর্জিওস দনিস অভিজ্ঞ ও কাতার বিশ্বকাপের চেনা মুখগুলোর ওপরই ভরসা রেখেছেন। লুসাইলের সেই অবিস্মরণীয় ম্যাচে গোল করা দুই তারকা ফুটবলার— সালেহ আল শেহরি ও সেলিম আল দাওসারি স্বাভাবিকভাবেই নতুন আসরের স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন।
এছাড়া আর্জেন্টিনার একের পর এক আক্রমণ রুখে দিয়ে এবং ৫টি অসাধারণ সেভ করে ম্যাচসেরা হওয়া গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস এবারও যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিমানে। সেই ঐতিহাসিক ম্যাচের একাদশে থাকা রক্ষণভাগের সৌদ আব্দুলহামিদ, হাসান আল তোম্বাক্তি এবং মাঝমাঠের চালিকাশক্তি মোহাম্মদ কান্নোকেও দলে রেখেছেন কোচ দনিস।
টানা দুই বিশ্বকাপে অন্তত একটি করে ম্যাচ জেতা সৌদি আরব এবার গ্রুপ পর্বে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। আগামী ১৫ জুন মায়ামি স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। একই গ্রুপে রয়েছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, যাদের বিপক্ষে ম্যাচ ২১ জুন। ২৬ জুন তারা শেষ গ্রুপ ম্যাচ খেলবে নবাগত কেপ ভার্দের সঙ্গে। তাদের শেষ দুটি ম্যাচের ভেন্যু আটলান্টা স্টেডিয়াম ও হাউস্টন স্টেডিয়াম।
একনজরে সৌদি আরবের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড-
গোলরক্ষক: আহমেদ আল কাসার, মোহাম্মদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি এবং আব্দুলকুদ্দুস আত্তিয়া।
ডিফেন্ডার: সৌদ আব্দুলহামিদ, মোহাম্মদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আব্দুলইলাহ আল আমরি, নাওয়াফ বুশাল, জাকারিয়া হাওসাউই, হাসান কাদেশ, আলী লাজামী, আলী মাজরাশি, হাসান তামবাক্তি এবং জেহাদ থিকরিকে।
মিডফিল্ডার: নাসের আল দাওসারী, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসাব আল জুওয়ায়র, আব্দুল্লাহ আল খাইবারি, সালেহ আবু আল শামাত, মোহাম্মদ কান্নো, সুলতান মান্দাশ এবং আয়মান ইয়াহয়াহ।
ফরোয়ার্ড: ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারী, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ আল সালেম এবং সালেহ আল শেহরি।