Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:২৮ এএম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

বিজ্ঞাপন

ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসছে অ্যাস্টন ভিলা, তবে সেই উচ্ছ্বাসের মাঝেই দুশ্চিন্তার খবর পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন, যার ফলে বিশ্বকাপের আগে নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাবে না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, চোট গুরুতর নয়, তবে পুরোপুরি সেরে উঠতে অন্তত ২০ দিন সময় লাগবে। তবুও জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা শিবির।

গত পরশু ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। ম্যাচের আগে ওয়ার্ম আপ করার সময়ই আঙুলে আঘাত পান মার্টিনেজ। ম্যাচ শেষে তিনি জানান, ওয়ার্ম আপের সময়ই তার আঙুল ভেঙে যায়, তবে এমন পরিস্থিতিতেও খেলে যাওয়াই তার অভ্যাস।

পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার আঙুলের হাড়ে ছোট চিড় ধরা পড়ে, যদিও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। চিকিৎসকদের মতে, সঠিক পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করলে বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন।

এই চোটের কারণে জুনের শুরুতে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মেডিকেল বিভাগ আশা করছে, পুনর্বাসন শেষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দলে ফিরবেন এই গোলরক্ষক।

আসন্ন বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার