Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ভারতের কাছে ভরাডুবির পর ড্রেসিংরুমে কী ঘটেছিল জানালেন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

ভারতের কাছে ভরাডুবির পর ড্রেসিংরুমে কী ঘটেছিল জানালেন কোচ

বিজ্ঞাপন

ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলের ড্রেসিংরুমে নেমে আসে গভীর হতাশা। এমন চিত্রই তুলে ধরলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ ম্যাচে আগে ব্যাট করে ভারত তোলে ৭ উইকেটে ১৭৫ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে।

ফলে বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের হতাশার ইতিহাস আরো দীর্ঘ হলো।

 ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘ড্রেসিংরুমে এখন প্রচণ্ড হতাশা। খেলোয়াড়রা চুপচাপ ছিল। সবাই জানে এই ম্যাচের গুরুত্ব কতটা। পাকিস্তান-ভারত ম্যাচ মানেই আলাদা আবেগ, আলাদা চাপ।’

তিনি স্বীকার করেন, দল আত্মবিশ্বাসী ছিল। টুর্নামেন্টের আগে টানা পাঁচ ম্যাচ জিতে ভালো ছন্দেই ছিল পাকিস্তান। কিন্তু ভারতের বিপক্ষে পরিকল্পনা মাঠে কাজে লাগেনি।

‘আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝপথে ম্যাচ হাতছাড়া হয়ে যায়,’— যোগ করেন হেসন।

গত বছরের এশিয়া কাপের তিন ম্যাচসহ ভারতের বিপক্ষে টানা চতুর্থবার হারের মুখ দেখলেন হেসন।

ভারতের হয়ে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ইশান কিশান। পরে বল হাতে আগুন ঝরান জাসপ্রিত বুমরাহ, যিনি শুরুতেই পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন। দ্বিতীয় ওভারেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

 পাকিস্তানের ইনিংস ধসে পড়ে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় দলটি। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটি পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর।

ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। তবে হেসন তার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে বলেন,

‘উইকেটে শুরুতে স্পিন ছিল। আমরা ভেবেছিলাম চেজ করাটা সুবিধাজনক হবে। কিন্তু ইশান যেভাবে ব্যাট করেছে, সে ম্যাচটা আমাদের হাত থেকে বের করে নিয়েছে।’

এই জয়ে ভারত টানা তৃতীয় ম্যাচ জিতে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তানকে এখন শেষ ম্যাচে জিততেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে।

হেসনের কণ্ঠে হতাশা থাকলেও আশা ছাড়ছেন না তিনি। ‘আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। সামনে সুযোগ আছে। এই দল ভালো ক্রিকেট খেলতে পারে, এটা আমরা জানি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার