বিজ্ঞাপন
ফিক্সিংয়ের মামলায় ‘বাংলাদেশি’ তামিমের শাস্তি: চার বছরের জেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে একটি দলের মালিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) কলম্বো হাই কোর্ট বাংলাদেশি বংশোদ্ভূত তামিম রহমানকে চার বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন।
দোষী সাব্যস্ত হওয়া সেই ব্যক্তি এলপিএলের ডাম্বুলা থান্ডার্স দলের মালিক। আদালতে তিনি একজন খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা এবং বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন।
দোষ স্বীকারের পর আদালত তামিম রহমানকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে ওই আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই শাস্তি পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
কলম্বো হাইকোর্ট একই সঙ্গে তাকে ২ কোটি ৪০ লাখ রুপি (প্রায় ৮০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেন।
এই রায়টি ২০১৯ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইনের আওতায় দেওয়া হয়েছে।
২০২৪ সালে তামিম রহমানকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট এক খেলোয়াড় এলপিএল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তদন্ত শুরু হয়। পরে দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার আগে কলম্বো বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। কয়েক সপ্তাহ কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
আদালত সূত্র আরও জানিয়েছে, এ মামলায় জড়িত থাকার অভিযোগে দলের ম্যানেজার মুজিব উর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি পাকিস্তানের নাগরিক।
বিজ্ঞাপন