বিজ্ঞাপন
জামায়াত-এনসিপির নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়ে রাশেদ খানের বিস্ফোরক দাবি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
বিজ্ঞাপন
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড ঠেকাতে রাজপথে সক্রিয় না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); এমন দাবি তুলে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি।
তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতিকে রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার বা ‘বার্গেনিং টুল’ হিসেবে ব্যবহার করতে চায় দল দুটি।
স্ট্যাটাসে রাশেদ খান উল্লেখ করেন, গত ১০ নভেম্বর তিনি এ বিষয়ে বিস্তারিত লিখেছিলেন। তখনই তিনি জানিয়েছিলেন, সরকারকে চাপে রাখার উদ্দেশ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে জামায়াত-এনসিপি।
তিনি আরও বলেন, ‘আমি কখনো তথ্য, যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না।’ গণমাধ্যমে জামায়াত-এনসিপির রাজপথে নিষ্ক্রিয় থাকার বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর তাঁর আগের বক্তব্যের পক্ষে প্রমাণ পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে ভারতের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তাঁর দাবি, আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার বিনিময়ে ভবিষ্যতে ক্ষমতায় আসার ক্ষেত্রে ভারত জামায়াতকে সহযোগিতার প্রলোভন দেখিয়েছে। আর জামায়াত সেই প্রলোভনে পা দিয়েছে।
রাশেদ খানের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার পেছনে ভারতের উদ্দেশ্য জামায়াতকে ক্ষমতায় আনা নয়; বরং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আবারও প্রাসঙ্গিক করে তোলার কৌশল এটি।