Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

৬০০ টাকার জন্য ২ মাসে এত দপ্তর, এত স্বাক্ষর!

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

৬০০ টাকার জন্য ২ মাসে এত দপ্তর, এত স্বাক্ষর!

বিজ্ঞাপন

বৃত্তির মাত্র ৬০০ টাকা। সে টাকা পেতে প্রায় দুই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিন আক্তার ইপা। হল অফিস থেকে রেজিস্ট্রার ভবন, এক কক্ষ থেকে আরেক কক্ষ, এক টেবিল থেকে অন্য টেবিল। এরপর ব্যাংকের এক কাউন্টার থেকে আরেক কাউন্টার। এর মধ্যে পে-স্লিপ দেখানো, হার্ড কপি নিয়ে যাওয়া, একাধিক স্বাক্ষর এবং পরিচয়পত্র দেখানোর ধাপও পেরোতে হয়েছে তাকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে নিজের এই অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন শাহরিন।

পোস্টে তিনি লেখেন, ‘এই হচ্ছে দ্য মাইটি প্রশাসন।’ মাত্র ৬০০ টাকা পেতে এত দৌড়ঝাঁপকে তিনি ব্যঙ্গ করে বলেছেন, ‘ঢাবির স্টুডেন্ট হওয়ার শাস্তি’।

শাহরিনের পোস্ট অনুযায়ী, রেঞ্জার থেকে বৃত্তির টাকা পাওয়ার পর প্রথমে তাকে শামসুন নাহার হল অফিসে যেতে হয়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যে শিক্ষাবর্ষের জন্য বৃত্তি পেয়েছেন, সেই বর্ষের পে-স্লিপ চান। তখনো তার ভর্তি কার্যক্রম শেষ না হওয়ায় তিনি পে-স্লিপ দিতে পারেননি। পরে ভর্তি হওয়ার পর আবার হল অফিসে গেলে তাকে পে-স্লিপের হার্ড কপি নিয়ে আসতে বলা হয়।

মোবাইলে থাকা পে-স্লিপ দেখালে হবে না- এমন কথা শুনে আরেক দিন সেটি প্রিন্ট করে নিয়ে যান শাহরিন। কিন্তু তার অভিযোগ, হার্ড কপিটি দেখার পর তা জমা নেওয়া হয়নি। কেন প্রিন্ট করে আনতে বলা হলো, জানতে চাইলে তাকে বলা হয়, পে-স্লিপটি তার এমনিতেই প্রয়োজন হবে।

এরপর কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে তাকে নির্দিষ্ট দিনে আসতে বলা হয়। প্রভোস্টের স্বাক্ষর হওয়ার পর সেই কাগজপত্র নিয়ে রেজিস্ট্রার ভবনে যেতে বলা হয় তাকে।

সেখানে গিয়ে নতুন করে ভোগান্তিতে পড়ার অভিযোগ করেন শাহরিন। তার ভাষ্য, একই নম্বরের ‘ক’, ‘খ’ ও ‘গ’- তিনটি কক্ষের মধ্যে কোনটিতে যেতে হবে, তা হল অফিস থেকে নির্দিষ্ট করে বলা হয়নি। ফলে তাকে একে একে তিনটি কক্ষেই যেতে হয়। শেষ পর্যন্ত সঠিক কক্ষে পৌঁছানোর পরও এক টেবিল থেকে অন্য টেবিলে পাঠানো হয়।

সেখানেও আবার পে-স্লিপ চাওয়া হয়। পে-স্লিপ দেখানোর পর সেটি ফেরত দেওয়া হলেও পরে জমা দিতে বলা হয় বলে দাবি করেন তিনি। এরপর তাকে ১৫ থেকে ২০ দিন পর আসতে বলা হয়।

প্রায় ২০ দিন পর আবার গিয়ে জানতে পারেন, তার কাজ সম্পন্ন হয়েছে। এরপর একটি স্লিপে ব্যাংক হিসাব নম্বর লিখে তাকে পাশের কক্ষে পাঠানো হয়। সেখানে দেওয়া হয় একাধিক নথি। সেসব নথির মধ্যে নিজের নাম নিজেকেই খুঁজে বের করতে বলা হয় বলে অভিযোগ শাহরিনের।

অনেকক্ষণ খোঁজার পরও নাম খুঁজে না পেয়ে একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সহায়তা চান তিনি। পরে তার নামের নথি পাওয়া যায়। কিন্তু এরপরও শেষ হয়নি প্রক্রিয়া। নাম লেখা থাকার পরও কেন স্বাক্ষর করতে হবে জানতে চাইলে তাকে বলা হয়, টাকা বুঝে পাওয়ার প্রমাণ হিসেবে স্বাক্ষর প্রয়োজন।

তখনো টাকা হাতে পাননি শাহরিন। এরপর আবার তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তিনি হল কার্ড দেখান। পরে আরেক ব্যক্তির কাছে কার্ড দেখাতে বলা হলেও ওই ব্যক্তি তখন সেখানে ছিলেন না। তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাংকে গেছেন।

এদিকে ব্যাংক বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরিন। বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাকে বলা হয়, ব্যাংক বন্ধ হয়ে গেলে পরদিন আসতে হবে। জবাবে তিনি জানান, এই টাকা পাওয়ার জন্য তিনি প্রায় দুই মাস ধরে ঘুরছেন।

পরে সংশ্লিষ্ট ব্যক্তি ফিরে এলে আবার কাগজপত্র ও পরিচয়পত্র যাচাই করা হয়। নেওয়া হয় আরও একটি স্বাক্ষর। এরপর অবশেষে হাতে দেওয়া হয় চেক।

চেক নিয়ে ব্যাংকে গিয়েও শেষ হয়নি ভোগান্তি। শাহরিনের দাবি, ব্যাংকে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে তাকে তিনবার যাতায়াত করতে হয়েছে। সব প্রক্রিয়া শেষে অবশেষে হাতে পান সেই ৬০০ টাকা।

এই অভিজ্ঞতার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শাহরিন। তিনি বলেন, রেঞ্জার থেকে বৃত্তির টাকা সরাসরি সংশ্লিষ্ট হলের হিসাবে পাঠানো হলে হল অফিস থেকেই স্বাক্ষর নিয়ে শিক্ষার্থীকে টাকা দেওয়া সম্ভব ছিল। তা না হলে পুরো প্রক্রিয়া কম্পিউটারাইজড করা যেত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীর তথ্য যাচাই করা থাকলে আবার পে-স্লিপসহ একই তথ্যের কাগজপত্র চাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শাহরিনের ভাষায়, ‘চাইলেই প্রসেসগুলা ইজি করা যাইতো।’ তার প্রশ্ন, একটি ছোট অঙ্কের বৃত্তির টাকা পেতে একজন শিক্ষার্থীকে কেন এতগুলো দপ্তর, এতগুলো স্বাক্ষর ও এত ধাপ পেরোতে হবে?

ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘মাত্র ৬০০ টাকার জন্য এত দৌড় করাইলো। ঢাবির স্টুডেন্ট হওয়ার শাস্তি!’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার