বিজ্ঞাপন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই দেশে ফেরার অঙ্গীকার করে আসছেন। তবে এবার ৭৯ বছর বয়সি এই নেত্রী কেবল ফেরার কথাই বলেননি, বরং সুনির্দিষ্ট দিনক্ষণ ও যাত্রাপথের পরিকল্পনাও সামনে এনেছেন। তার মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিজয়ের দিন অর্থাৎ আগামী ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরতে চান। শুরুতে ঢাকার বর্তমান সরকার বিষয়টিকে পাত্তা না দিলেও, তার সর্বশেষ এই ঘোষণাকে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসান ঘটলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভ্যুত্থান দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে হওয়া এক বিচারে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। ঢাকার বর্তমান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে এবং আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
তবে শেখ হাসিনা চান, বাংলাদেশ সরকার দিল্লি থেকে তার ফেরার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করুক। সরকার তাতে রাজি না হলে তিনি বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলসীমান্ত পেরিয়ে দেশে ঢোকার পরিকল্পনা করছেন। হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে জানিয়েছেন, প্রয়োজনে শেখ হাসিনা হেঁটে বাংলাদেশে প্রবেশ করতেও প্রস্তুত। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম—এই পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আরিনের দাবি, তাদের সমর্থকেরা সীমান্ত পার হওয়ার জন্য ৯টি সম্ভাব্য পয়েন্ট চিহ্নিত করেছেন এবং এটি অত্যন্ত সুচিন্তিত ও নিখুঁত একটি পরিকল্পনা।
ঢাকার রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এই ঘোষণা নিছক দেশে ফেরার প্রতিশ্রুতি নয়; বরং এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল রয়েছে। এর মাধ্যমে শেখ হাসিনা বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, দেশের রাজনৈতিক আলোচনায় আবারও নিজেকে প্রাসঙ্গিক করে তুলছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করা শক্তিগুলোর মধ্যকার বিভেদকে কাজে লাগাতে চাইছেন। পাশাপাশি, সাবেক এই মিত্রকে আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের জন্য যে দীর্ঘমেয়াদি অস্বস্তির কারণ হয়ে ছিল, তা এখন এক তাৎক্ষণিক কূটনৈতিক সংকটে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করেছে।
১৬ ডিসেম্বর তারিখটি বেছে নেওয়ার পেছনেও প্রতীকী তাৎপর্য রয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাসে নিজের ও দলের অবস্থান পুনরুদ্ধার করতে চাইছেন শেখ হাসিনা। তার সহযোগীরা জানান, নির্বাসনে থেকেও দলকে সচল রাখতে গত ১৮ মাসে তিনি টেলিগ্রামের মাধ্যমে অডিও বৈঠক করে আসছেন। দেশের ৬৪টি জেলা ও ৩০০টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের ৭৮টি ইউনিটের মাধ্যমে তিনি তিন শতাধিক বৈঠক করেছেন, যার কোনো কোনোটি চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলেছে। আবু ওবায়দা আরিনের দাবি, মাঠপর্যায়ের কর্মীদের দুঃখ-দুর্দশার কথা সরাসরি শোনার ফলে দলে ব্যাপক সাড়া পড়েছে এবং হাসিনা দেশে ফিরলে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত মানববন্ধন করে ৫০ লাখ মানুষকে জড়ো করার সাংগঠনিক সক্ষমতা তাঁদের রয়েছে।
বিশৃঙ্খলা তৈরির এই সক্ষমতাকে দলের বড় কোনো পুনরুত্থান হিসেবে দেখতে নারাজ ঢাকার পর্যবেক্ষকেরা। অনেকের মতে, হতাশাগ্রস্ত নেতা-কর্মীদের চাঙা করতেই হাসিনার ফেরার এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে রাজনৈতিকভাবে একটি বিষয় স্পষ্ট—হাসিনার পতনের পর যে দলের নাম নেওয়াও একসময় অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এখন দেশের সব মহলেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’-র সম্পাদক এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, গণঅভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্যের ফাটলকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। বিবিসিকে তিনি বলেন, ‘জুলাই সনদ’, প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার এবং গণভোট নিয়ে নির্বাচিত বিএনপি সরকারের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্য প্রকট হয়েছে। দুর্বল পুলিশ প্রশাসন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর এই বিভেদকে সুযোগ হিসেবে নিয়ে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সত্যিই ফিরলে তা দলের ভাগ্য ফেরানোর বদলে দেশে বৈরিতা আরও বাড়িয়ে দিতে পারে। সরকার সাম্প্রতিক এসব সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে দেখছে, আর আওয়ামী লীগ সমর্থকেরা তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে উল্টো দমন-পীড়নের অভিযোগ তুলছে। তবে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো বিশাল একটি জনসমর্থনপুষ্ট রাজনৈতিক শক্তিকে দীর্ঘদিন বাইরে রেখে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব কি না।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়াল মনে করেন, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা সিদ্ধান্ত নেওয়ার চাপটা দিল্লির বদলে ঢাকার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তার মতে, গত ১০ মাসে মন্ত্রীর পদমর্যাদায় একজন হেভিওয়েট রাজনীতিককে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া থেকে শুরু করে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে নতুন আলোচনার প্রস্তাব—সব চেষ্টাই দিল্লি করেছে। কিন্তু ঢাকার কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে ভারত এখন কিছুটা হতাশ। দিল্লি হয়তো ধরেই নিয়েছে যে তারা যা-ই করুক দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন থাকবেই, তাই শেখ হাসিনাকে থামানোর কোনো তাগিদ তারা অনুভব করছে না। এছাড়া বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ স্থায়ীভাবে মুছে যাক, সেটিও ভারতের স্বার্থের অনুকূলে নয় বলে মনে করেন পালিওয়াল।
তবে ঢাকার দৃষ্টিভঙ্গি এর ঠিক উল্টো। শফিকুল আলমের মতে, বাংলাদেশে এমন একটিধারণা প্রবল হচ্ছে যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। শেখ হাসিনার প্রত্যর্পণ ঝুলে থাকার পাশাপাশি বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট সুবিধা নবায়ন না করা এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও কোনো অগ্রগতি না হওয়ায় আস্থার সংকট তৈরি হয়েছে। বর্তমানে কেবল পর্যটক ও চিকিৎসা ভিসা চালু থাকলেও বাকি সব অমীমাংসিতই রয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক বর্তমান পরিস্থিতিকে দুই দেশের ‘পারস্পরিক হতাশা’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, শেখ হাসিনাই এখন দুই দেশের সম্পর্কের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন। এই অচলাবস্থা কাটিয়ে সামনে এগোনোর পথ খুঁজে বের করতে হবে।
অ্যাকলেডের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়াও মনে করেন, মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম, তবে তার এই বক্তব্য সমর্থকদের দারুণভাবে উজ্জীবিত করেছে। সব মিলিয়ে পালিওয়ালের ভাষায়, শেখ হাসিনা ঢাকায় না ফেরা পর্যন্ত কিংবা ঢাকা চাপে পড়ে আলোচনার টেবিলে না বসা পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো অর্থবহ কূটনৈতিক আলোচনার দরজা খুলছে না।