বিজ্ঞাপন
দিল্লিতে বসেই তৃণমূলের ৪ লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ শেখ হাসিনার
নেপথ্যে ৮১৯ স্বেচ্ছাসেবী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
বিজ্ঞাপন
ভার্চুয়াল বৈঠক, ফোনালাপ ও সাংগঠনিক তৎপরতায় আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ। দুই সহযোগীর পরিকল্পনায় গড়ে উঠেছে অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ টিম (এআরটি)। যার প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কো ফাউন্ডার হিসেবে কাজ করছেন সুমন ভট্টাচার্য ও প্রবীর সরকার।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর ভারতের দিল্লিতে অবস্থান করেও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল বৈঠক, সরাসরি ফোনালাপ এবং একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মাধ্যমে দলকে পুনর্গঠনের চেষ্টা করছেন তিনি। সংশ্লিষ্ট আওয়ামী লীগ সূত্রের দাবি, গত ২৭ মাসে প্রায় চার লাখ নেতাকর্মী ও সমর্থকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন শেখ হাসিনা।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ব্যক্তিগত কম্পিউটারে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের প্রায় চার লাখ নেতাকর্মী ও সমর্থকের মোবাইল নম্বর সংরক্ষিত রয়েছে। দিনের বিভিন্ন সময়ে তিনি নিজেই তাঁদের ফোন করেন, ব্যক্তিগত ও পারিবারিক খোঁজখবর নেন এবং রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে সাহস ও পরামর্শ দেন।
প্রতিবেদন অনুযায়ী, শুধু ফোনালাপ নয়, প্রতিদিনই কোনো না কোনো জেলা, উপজেলা কিংবা সংসদীয় এলাকার নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ ভার্চুয়াল বৈঠক করছেন আওয়ামী লীগ সভাপতি। এসব বৈঠকে তিনি নেতাকর্মীদের বক্তব্য শোনেন, সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
৩০০ সংসদীয় আসনের নেতাদের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ইতিমধ্যে ২০০টি সংসদীয় এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি বাংলাদেশের ৬৪ জেলার ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৭২টির নেতাদের সঙ্গে তাঁর বৈঠক সম্পন্ন হয়েছে বলে আওয়ামী লীগের সূত্র জানিয়েছে।
বাকি সংসদীয় আসনগুলোর নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগের পরিকল্পনা রয়েছে। ১৬ ডিসেম্বরের আগে এক দিনে একাধিক সংসদীয় এলাকার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এআরটির ৮১৯ স্বেচ্ছাসেবী
শেখ হাসিনার এই সাংগঠনিক উদ্যোগের নেপথ্যে রয়েছে 'অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ টিম' বা এআরটি নামে একটি ভার্চুয়াল নেটওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ব্যক্তি এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এআরটির সঙ্গে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৮১৯ জন স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তাঁদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছাসেবীরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং দলের সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টি সমন্বয় করেন।
নির্যাতিত নেতাকর্মী ও পরিবারের সঙ্গে সাপ্তাহিক যোগাযোগ
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতি শনিবার আওয়ামী লীগের ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্য এবং নির্যাতন-নিপীড়নের শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এ পর্যন্ত এই কর্মসূচির ৯৭টি পর্ব অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আয়োজকদের দাবি, ৯৪তম পর্ব পর্যন্ত শহিদ পরিবারের সদস্য এবং নির্যাতনের শিকার মোট ১ হাজার ৪১০ জন তাঁদের অভিজ্ঞতা ও অভিযোগ শেখ হাসিনার কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন।
১৯৮১ সালের অভিজ্ঞতা থেকে নতুন কৌশল
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে যেভাবে শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলেছিলেন, সেই অভিজ্ঞতাকেই নতুন উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করা হয়েছে।
দিল্লিতে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে দলের সাধারণ নেতাকর্মীদের কাছে পৌঁছানোর কৌশল গ্রহণ করেন তিনি। এ ক্ষেত্রে এআরটির স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তথ্য সংগ্রহে ভূমিকা রাখছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রযুক্তিনির্ভর রাজনৈতিক যোগাযোগের নতুন মডেল
প্রতিবেদনটির বিশ্লেষণে বলা হয়েছে, প্রচলিত রাজনৈতিক কাঠামোয় যেখানে তৃণমূলের নেতাকর্মীদের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছানো কঠিন, সেখানে শেখ হাসিনা নিজেই তাঁদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন।
আওয়ামী লীগের নেতাদের একটি অংশ মনে করেন, দলীয় নেতৃত্বের বড় অংশ দেশের বাইরে অথবা আত্মগোপনে থাকার পরিস্থিতিতে এই ভার্চুয়াল যোগাযোগ সাংগঠনিক সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
তবে এই উদ্যোগের কার্যকারিতা এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলটির সাংগঠনিক বাস্তবতার ওপর।