বিজ্ঞাপন
বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম
বিজ্ঞাপন
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এবার বহিষ্কৃত নেতাকর্মীদের বিষয়ে নমনীয় হচ্ছে বিএনপি। দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শ পরিপন্থী কর্মকা- কিংবা নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে পদ হারানো ও বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে তাদের দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দলটির হাইকমান্ড। বিএনপির এই সিদ্ধান্তকে ঘিরে তৃণমূল ও কেন্দ্রীয় রাজনীতিতে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক। বিএনপির একাধিক নীতিনির্ধারকরা এমনটাই জানিয়েছেন।
সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, বহিষ্কৃতদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মী ছিলেন এবং নিজ নিজ এলাকায় তাদের শক্তিশালী জনভিত্তি রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করতে অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতাদের কাজে লাগাতে চায় হাইকমান্ড। তবে সবার জন্য ঢালাওভাবে দরজা খোলা হচ্ছে না; বরং ব্যক্তি, পদমর্যাদা, অতীত অবদান এবং শৃঙ্খলাভঙ্গের মাত্রা বিবেচনা করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দলীয় সূত্র বলছে, বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় এবং নানা সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে সারাদেশে প্রায় তিন হাজারের অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর এবং আসন্ন সাংগঠনিক পুনর্গঠনকে সামনে রেখে বহিষ্কৃতদের অনেকেই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার জন্য লিখিত আবেদন করেন।
সাম্প্রতিক সময়ে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেশ কয়েকটি জেলা ও উপজেলার বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকা-ের জন্য নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে দল থেকে বহিষ্কার করা হয়। তার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় বিএনপি।
চিঠিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকা-ের জন্য গত ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ : দলীয় এ সিদ্ধান্তের খবরে নড়াইলে মো. মনিরুল ইসলামের অনুসারী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়েও এ সিদ্ধান্তকে ঘিরে সন্তোষ ও আনন্দের আবহ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা নড়াইল জেলা বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সহায়ক হবে। অবশ্য বহিষ্কৃতদের দলে ফেরানোর এই উদ্যোগে সর্বত্র ইতিবাচক সাড়া মিলছে না। অনেক স্থানে দলের দুর্দিনে মাঠে থাকা ত্যাগী নেতাকর্মীরা এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, শৃঙ্খলা ভঙ্গকারীদের সহজে ক্ষমা করে দিলে দলে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে এবং ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করার প্রবণতা তৈরি হবে।
সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কৃত এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ওই ইউনিয়নের ৩১ জন নেতা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ঘটনাটি প্রমাণ করে যে, যাচাই-বাছাইয়ে সামান্য ত্রুটি হলে তা তৃণমূলে বড় ধরনের সাংগঠনিক ভাঙনের কারণ হতে পারে। অন্যদিকে নির্বাচনী বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব এখনও পুরোপুরি নমনীয় হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ঐক্য ফিরিয়ে আনতে বহিষ্কৃতদের দলে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। তবে চাঁদাবাজি, দখলদারিত্ব বা গুরুতর নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কৃতদের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখা জরুরি। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন অক্ষুণœ রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যদের ফিরিয়ে আনতে পারলেই বিএনপির এই উদ্যোগ সফল হবে এবং দলটি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।
বিএনপির নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) তাইফুল ইসলাম টিপু। নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে তিনিও পরাজিত হয়েছেন। তিনি বলেন, বিএনপি আমাদের আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে। আদর্শিক কিংবা নীতিগত জায়গা থেকে আমি বিএনপিতেই আছি। আগে পদে ছিলাম, এখন সমর্থক, কর্মী হিসেবে কাজ করে যাব। দল যদি মনে করে আমাদের কাজে লাগাবে, তাহলে সেটি করতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দল করতে হলে সবাইকে শৃঙ্খলা মানতে হবে। দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে কেউ যদি ভুল স্বীকার করে দলে ফিরতে চান তাহলে হাইকমান্ড বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে।’