Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

‘এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ এএম

‘এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে’

বিজ্ঞাপন

‘এই মুহূর্তে বিএনপির পাশ থেকে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে’, এমন মন্তব্য করে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন। জোটসঙ্গী হয়েও দলটির নেতাকর্মীরা ন্যায্য অধিকার ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে যথাযথ মূল্যায়ন না পেলে বিএনপিকে ‘নতুন ফাঁদে’ ফেলার হুঁশিয়ারিও দেন এই নেতা।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ৫ আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির জোটসঙ্গী হয়েও তাঁরা যথাযথ মূল্যায়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তব্যে ফরহাদ হোসেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে যে আচরণ করছেন, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ তার প্রতিপক্ষের সঙ্গে আচরণ করছে। অথচ আওয়ামী লীগের সময় একটি ওয়ার্ডের নেতাকর্মীর ভয়েও আপনারা ঘরে থাকতে পারেননি, ধানখেতে ঘুমাতে হয়েছে। সে সময় গণঅধিকার পরিষদ কথা বলেছে, বিপ্লব সংঘটিত করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। সেই গণঅধিকার পরিষদকে আপনারা সঙ্গে নিয়েছেন, কিন্তু ন্যায্য অধিকার দেননি।’

বিভিন্ন সরকারি দপ্তরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিভিন্ন অফিস-আদালতে আপনাদের যে অবস্থা দেখি, তাতে মনে হয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আপনারা মূল্যায়ন করতে চান না। আপনারা হয়তো ভাবছেন, আপনাদের লাখ লাখ নেতাকর্মী আছে। শেখ হাসিনারও লাখ লাখ নেতাকর্মী ছিল। কিন্তু তিনি এ দেশে থাকতে পারেননি, পালিয়ে গেছেন।’

বিএনপিকে জোটসঙ্গীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘অতএব জোটসঙ্গীকে মূল্যায়ন করেন। কারণ, এই মুহূর্তে যদি বিএনপির পাশ থেকে গণঅধিকার পরিষদ সরে যায়, তাহলে বিএনপির ভিত নড়ে যাবে।’

এ সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াত-এনসিপিও চাচ্ছে গণঅধিকার পরিষদকে বিএনপি থেকে দূরে সরাতে। কিন্তু গণঅধিকার পরিষদের নেতা একজন পরিপক্ব নেতা। তিনি ওই ফাঁদে পা দেবেন না।’

বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে ফরহাদ হোসেন আরও বলেন, ‘আপনারা সারা দেশে আমাদের সঙ্গে যে আচরণ করছেন, তাতে মনে হচ্ছে আমরা নতুন ফাঁদ তৈরি করে বিএনপিকে সেই ফাঁদে ফেলব। তবে আমরা সেই ফাঁদ পাততে চাই না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকারটুকু চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রুবেল, জ্যেষ্ঠ সহসভাপতি ফিরোজ শেখ, সহসভাপতি মনির চৌধুরী, জিয়া খান, আলীমুজ্জামান লাবলু ও আলমগীর শিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল এবং শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি সোহেল খানসহ অন্য নেতারা।

আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার