বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়া এবং সরকার ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার অভিযোগে টাঙ্গাইলের এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
রোববার (২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের সিনিয়র নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারীকে (রুবেল চৌধুরী) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।এর আগে
গত শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে একটি পোস্ট দেন রুবেল চৌধুরী। ওই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলীয় সিদ্ধান্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়।