Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ডিসেম্বরে শেখ হাসিনার আগমন ঘিরে মিছিল, ভিডিও ভাইরাল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ এএম

ডিসেম্বরে শেখ হাসিনার আগমন ঘিরে মিছিল, ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

নীলফামারীর ডিমলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে আগমনকে ঘিরে স্লোগান দিয়ে মিছিল করেছেন একদল যুবক। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

রোববার (২৫ অক্টোবর) রাতে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে মিছিলটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে ২০ থেকে ২৫ জন যুবককে একসঙ্গে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খেলা হবে, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে এবং খেলা হবে বাংলার মাটিতেসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে মুঠোফোনে ভিডিও ধারণ করতেও দেখা গেছে।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে মিছিলটি ঠিক কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মিছিলের ভিডিও আমরাও পেয়েছি। সেখানে কয়েকজন যুবককে বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে। মিছিলটি আজকের নয়। এটা এক দুই দিন আগের হবে। সেই ভিডিওটি আজকে ফেসবুকে পোস্ট করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, আমাদের থানার কিছু সীমানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কাছাকাছি রয়েছে। মিছিলটি ডিমলায় হয়েছে, নাকি হাতীবান্ধা এলাকায় তা যাচাই করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার