Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর বক্তব্য, পাল্টা জবাব গোলাম পরওয়ারের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:২৩ এএম

জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর বক্তব্য, পাল্টা জবাব গোলাম পরওয়ারের

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ এবং জামায়াতকে ইঙ্গিত করে বলেন, গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়েছে। একজন সীমান্তের ওপাড় থেকে পয়সা পাঠাচ্ছে। আরেকজন দেশে রাজপথে অস্থিরতা সৃষ্টি করছে।

গোলাম পরওয়ার তা নাকচ করে সরকারকে দায়ী করে বলেছেন, নিজেদের দলীয়করণ, ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য সরকার জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। বিরোধী দল কখনো ফ্যাসিস্টকে আসার সুযোগ করে দিচ্ছে না; বরং বিরোধী দলের আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এই পথ দিয়ে তারাই ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে।

গত কয়েক মাসে তিন মন্ত্রী ও এক এমপির পদত্যাগ সরকারের মধ্যে অস্থিরতার লক্ষণ বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য হাস্যকর। দুর্বলতা ঢাকতে মানুষ বিভিন্ন কথা বলে, তবে তারও একটা মাত্রা থাকে।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ফ্যাসিস্টদের পথ কী, তা জামায়াত আমিরের কাছে জানতে চান। এ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিজম চিনেছে আওয়ামী লীগকে দিয়ে। ফ্যাসিস্ট কী, এ কথা মাত্র সাত মাসের মধ্যে বিএনপির মহাসচিব রিজভী ভুলে গেছেন। ফ্যাসিস্ট চিনতে হলে তাঁকে দলীয় কর্মীদের কাছে ফেরত যেতে হবে। ফ্যাসিস্টের কাজ ওরা বলতে পারবে।

১৯৯৪–৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন জামায়াত আওয়ামী লীগের সঙ্গে একই পথে হেঁটেছে— রুহুল কবির রিজভীর এই বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে চায়নি, তখন শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি, বাম দলসহ বিরোধী দলের লিয়াজোঁ কমিটি হয়েছিল। লিয়াজোঁ কমিটির সম্মিলিত কর্মসূচিতে জামায়াতও ছিল। গণবিরোধী অবস্থানের কারণে সেবার বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। বিএনপির অবস্থানের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার